প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম (ভিজিট : ৭)

কৃষি বাজার সংস্কার করে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, কৃষককে বাঁচাতে হলে সার ও কৃষি উপকরণের দাম কমানোর পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কৃষক কিনতেও ঠকবে, বেচতেও ঠকবে—এ ব্যবস্থা চলতে পারে না।
বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী কৃষক সংহতির উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারের ডিলারশিপে দুর্নীতি ও দলীয়করণ বন্ধ, কৃষি বাজার সংস্কার, কৃষকের জন্য নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করা এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্যসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সাইফুল হক বলেন, দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের মধ্যে সারের তীব্র সংকট চলছে। সারের ডিলারশিপে টেন্ডার, দলীয়করণ ও দলবাজির কারণে কৃষকেরা ন্যায্য দামে সার পাচ্ছেন না। ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকার সার কোথাও কোথাও ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ধরনের দুর্নীতি ও অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে।
তিনি বলেন, উপযুক্ত দামে কৃষকের কাছে সার পৌঁছানো না গেলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। এতে দেশের খাদ্যনিরাপত্তা ও খাদ্য সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে। সার বিতরণে দলীয়করণ ও স্বজনপ্রীতি বন্ধের জন্য সরকারি দল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ নিয়ে কৃষকদের দুর্ভোগের কথা তুলে ধরে সাইফুল হক বলেন, বিদ্যুৎ সংকটের পাশাপাশি ভুতুড়ে বিল কৃষকদের জন্য নতুন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অনেক গ্রাহকের ওপর দ্বিগুণ, তিন গুণ, এমনকি পাঁচ গুণ পর্যন্ত অস্বাভাবিক বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ নিয়ে হয়রানি ও আমলাতান্ত্রিকতা বন্ধ করতে হবে। অতিরিক্ত ও অনিয়মিত বিলের সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, কৃষক উৎপাদনের উপকরণ কিনতে গিয়ে উচ্চমূল্যের শিকার হচ্ছেন। আবার উৎপাদিত পণ্য বিক্রি করতেও ন্যায্য দাম পাচ্ছেন না। ফলে কৃষি উৎপাদন ক্রমেই অলাভজনক হয়ে উঠছে। বর্তমানে কৃষি বাজার ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে। সেখানে প্রকৃত উৎপাদক কৃষকের কার্যকর অবস্থান নেই। এ পরিস্থিতি বদলাতে কৃষি বাজার সংস্কার এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।
সাইফুল হক বলেন, কৃষি ও কৃষক না বাঁচলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, খাদ্যনিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব—কোনোটিই রক্ষা করা সম্ভব হবে না। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা যেন দলীয়করণ ও স্বজনপ্রীতির মাধ্যমে বিতরণ না হয়, তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে সাইফুল হক বলেন, ক্ষমতায় থাকাকালে ফ্যাসিবাদীরা সন্ত্রাস করেছে, এখন ক্ষমতা থেকে ছিটকে পড়েও তারা সন্ত্রাস করছে। সন্ত্রাসের পথে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। রাজনীতিতে ফিরতে হলে অপরাধের দায় স্বীকার করে প্রথমে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে দলটিকে।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, কৃষি ও কৃষককে রক্ষা করা শুধু কৃষকদের দাবি নয়, এটি দেশের খাদ্যনিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্ন। কৃষকের উৎপাদন ব্যাহত করে কোনো অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে পারে না।
বিপ্লবী কৃষক সংহতির সদস্যসচিব মাসুদুর রহমান মাসুদ বলেন, সার, বিদ্যুৎ ও কৃষি উপকরণ নিয়ে অনিয়ম-দুর্নীতির বোঝা কৃষকের ওপর চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে। উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে কৃষি ও কৃষক উভয়ই গভীর সংকটে পড়বে।
বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে এবং মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, খেতমজুর ইউনিয়নের নেতা সজীব সরকার, রাশিদা আক্তার, ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক তুহিন রহমান এবং নান্টু দাস প্রমুখ। এতে বিভিন্ন এলাকা থেকে আসা বিপ্লবী কৃষক সংহতির কৃষক প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
ডেল্টা টাইমস/সিআর/এমই