কপ৩১: অটোমান ঐতিহ্যের ‘দিভান’ বৈঠকে সমঝোতার তাগিদ

মো. শফিকুল ইসলাম, আন্তালিয়া (তুরস্ক) থেকে:

জাতীয়

জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে এসে মতপার্থক্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ সমঝোতায় পৌঁছাতে তুরস্কের শতাব্দীপ্রাচীন অটোমান ‘দিভান’ ঐতিহ্যের আদলে মন্ত্রীদের

2026-11-19T10:51:05+06:00
2026-11-19T10:51:05+06:00
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কপ৩১: অটোমান ঐতিহ্যের ‘দিভান’ বৈঠকে সমঝোতার তাগিদ
মো. শফিকুল ইসলাম, আন্তালিয়া (তুরস্ক) থেকে:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ০)

জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে এসে মতপার্থক্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ সমঝোতায় পৌঁছাতে তুরস্কের শতাব্দীপ্রাচীন অটোমান ‘দিভান’ ঐতিহ্যের আদলে মন্ত্রীদের বিশেষ বৈঠক হয়েছে। বুধবার সন্ধ্যায় (১৮ নভেম্বর,তুরস্কের স্থানীয় সময়) অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম ও আলোচনাবিষয়ক সভাপতি ক্রিস বোয়েন।

মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন দেশের আলোচনা দলের প্রধান ও পর্যবেক্ষক সংগঠনগুলোর প্রতিনিধিদের জন্যও বৈঠকটি উন্মুক্ত ছিল। অনানুষ্ঠানিক ও স্বচ্ছ এ আলোচনায় মন্ত্রীরা সম্মেলনের বিভিন্ন আলোচনার অগ্রগতি, নিজ নিজ দেশের অগ্রাধিকার এবং কোন কোন বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব, তা নিয়ে মতবিনিময় করেন। আলোচনার বিভিন্ন ধারাকে কীভাবে একটি ভারসাম্যপূর্ণ প্যাকেজে যুক্ত করা যায়, সেটিও ছিল বৈঠকের অন্যতম লক্ষ্য।

সম্মেলনের সভাপতির কার্যালয় জানিয়েছে, বৈঠকে পাওয়া মতামত মন্ত্রীদের দ্বিপক্ষীয় যোগাযোগ, সভাপতির পরামর্শ কার্যক্রম এবং কারিগরি আলোচনায় কাজে লাগানো হবে। এর মাধ্যমে সপ্তাহের শেষ নাগাদ সম্মেলনের সামগ্রিক ফলাফল নিয়ে একটি ভারসাম্যপূর্ণ সমঝোতায় পৌঁছানোর পথ তৈরি হবে।

কী এই ‘দিভান’

তুরস্কের ইতিহাস ও সংস্কৃতিতে ‘দিভান’ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানিক ঐতিহ্য। এটি এমন একটি পরিসর, যেখানে বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিরা একসঙ্গে বসে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেন, পরস্পরের মতামত শুনতেন এবং সিদ্ধান্ত গ্রহণের পথ খুঁজতেন।

এর ঐতিহাসিক উদাহরণ অটোমান সাম্রাজ্যের ‘দিভান-ই হুমায়ুন’ বা রাজকীয় পরিষদ। পঞ্চদশ শতক থেকে পরিচিত এই পরিষদে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতো। কূটনীতি, প্রশাসন, অর্থনীতি ও বিচারব্যবস্থার মতো বিষয়গুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে পরস্পরসম্পর্কিত দায়িত্ব হিসেবে বিবেচনা করা হতো। এসব ক্ষেত্রে প্রয়োজন হতো পরামর্শ, বিচক্ষণতা ও বৃহত্তর দৃষ্টিভঙ্গির।

কপ৩১-এর দিভান বৈঠকেও সেই ঐতিহ্যের চেতনা তুলে ধরা হয়েছে। এতে মন্ত্রীরা একে অপরের অগ্রাধিকার ও অবস্থান সম্পর্কে জানতে পেরেছেন। একই সঙ্গে কোন কোন বিষয়ে ঐকমত্য সম্ভব এবং সমঝোতায় পৌঁছাতে কী ধরনের ছাড় বা উদ্যোগ প্রয়োজন, তা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

মতপার্থক্য নয়, সমঝোতায় গুরুত্ব

কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, দিভান বৈঠকে পাওয়া মতামত সপ্তাহের বাকি সময়ে প্রেসিডেন্সির পরামর্শ কার্যক্রমে দিকনির্দেশনা দেবে। কোন কোন বিষয়ে দেশগুলো কাছাকাছি এসেছে এবং কোথায় এখনো মতপার্থক্য রয়েছে, তা স্পষ্টভাবে বোঝা জরুরি।

কুরুম বলেন, এ পর্যায়ে নিজ নিজ অবস্থানের পুনরাবৃত্তি করার চেয়ে কোথায় একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব, তা চিহ্নিত করাই বেশি গুরুত্বপূর্ণ। সম্মেলনের শেষ দিনগুলোতে একে অপরের কথা শোনা, অভিন্ন অবস্থানের ক্ষেত্র বাড়ানো এবং সম্ভাব্য সমঝোতাকে সুনির্দিষ্ট ফলাফলে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনাবিষয়ক সভাপতি ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব যে একসঙ্গে কাজ করতে পারে, তা দেখানোর সুযোগ তৈরি হয়েছে এই সম্মেলনে। একই সঙ্গে মানুষের বাস্তব অর্থনৈতিক ও জ্বালানিসংকটের বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।

বোয়েন বলেন, এখন অভিন্ন অবস্থানের ভিত্তিতে একটি উচ্চাভিলাষী, ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত বার্তা বিশ্বের সামনে তুলে ধরতে হবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) ৩১তম পক্ষ সম্মেলন (কপ৩১) তুরস্কের আন্তালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ