প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩২ এএম (ভিজিট : ০)

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় সমন্বিত জাতীয় কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার মতো জলবায়ুজনিত সংকট বাংলাদেশের মানুষের নিত্যদিনের বাস্তবতা। এসব ক্ষয়ক্ষতি যথাযথভাবে নিরূপণ ও মোকাবিলায় একটি কার্যকর জাতীয় কাঠামো প্রয়োজন।
তুরস্কের আন্তল্যায় চলমান জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘মূল্যায়ণ থেকে কার্যকর পদক্ষেপ: বাংলাদেশের জাতীয় ক্ষয়ক্ষতি কাঠামো’ শীর্ষক এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এ আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, তৃণমূলের কৃষক, জেলে ও স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি এই জাতীয় কাঠামো শুধু আর্থিক ক্ষয়ক্ষতি নয়, বরং ভিটেমাটি হারানো এবং সামাজিক বন্ধন নষ্ট হওয়ার মতো অপূরণীয় মানবিক ক্ষতিও মর্যাদার সঙ্গে নিরূপণ করবে।
তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে একটি একক জাতীয় তথ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে এ কাঠামো বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাইমুম। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই