জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থায় অর্থায়ন বাড়ানোর আহ্বান

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সহজলভ্য, নমনীয় ও দীর্ঘমেয়াদি জলবায়ু অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই

2026-11-19T10:36:12+06:00
2026-11-19T10:36:12+06:00
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থায় অর্থায়ন বাড়ানোর আহ্বান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম   (ভিজিট : ০)
কপ৩১-এর সাইড ইভেন্টে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন কার্যক্রম সম্প্রসারণের তাগিদ

কপ৩১-এর সাইড ইভেন্টে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন কার্যক্রম সম্প্রসারণের তাগিদ

স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সহজলভ্য, নমনীয় ও দীর্ঘমেয়াদি জলবায়ু অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীকে শুধু প্রকল্পের সুবিধাভোগী হিসেবে নয়, বরং অভিযোজন পরিকল্পনা, অর্থায়নের অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তুরস্কের আন্টালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এর অংশ হিসেবে ১৮ নভেম্বর ‘ক্লোজিং দ্য ফাইন্যান্স গ্যাপ ফর রেজিলিয়েন্ট, লোকালি লেড ফুড সিস্টেমস’ শীর্ষক এক সাইড ইভেন্টে এসব আহ্বান জানানো হয়। স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থার উদ্যোগ কীভাবে বিস্তৃত করা যায় এবং এ ক্ষেত্রে অর্থায়নের ঘাটতি কীভাবে পূরণ করা সম্ভব, তা নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়।

অনুষ্ঠানে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, কেনিয়ার ওয়াজির কাউন্টির গভর্নর আহমেদ আবদুল্লাহি মোহামেদ, সলিডারিডাড এশিয়ার সুমিত রায়, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) ড. রোজি জোশি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের (আইআরআরআই) জন হেলিন এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) বহুপাক্ষিক জলবায়ু ও পরিবেশ তহবিল-সংশ্লিষ্ট প্রতিনিধি পিয়েরে-ইভ গেদেজ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল অ্যান্ড সিআইএটির জেমস স্ট্যাপলটন।

অনুষ্ঠানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে প্রায় তিন দশকের কাজের অভিজ্ঞতা তুলে ধরে লিডার্স জানায়, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাস, অনিয়মিত বৃষ্টিপাত, লবণাক্ততার বিস্তার, জীবিকার সংকট, দারিদ্র্য এবং দুর্বল অবকাঠামোর কারণে উপকূলীয় জনগোষ্ঠী বহুমাত্রিক ঝুঁকির মুখে রয়েছে। এসব সংকট খাদ্যনিরাপত্তাকে ব্যাহত করার পাশাপাশি বাস্তুচ্যুতি ও অভিবাসনের ঝুঁকিও বাড়াচ্ছে।

লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল বলেন, এসব সংকট মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সমন্বিত অভিযোজন কার্যক্রম প্রয়োজন। এ লক্ষ্যে লিডার্স কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে ঝুঁকি নিরূপণ করে গ্রাম থেকে উপজেলা পর্যায়ে স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা (লাপা) প্রণয়নে সহায়তা করছে। এসব পরিকল্পনা বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনার (এনএপি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি জানান, এ উদ্যোগের আওতায় কৃষক সংগঠন গঠন, জলবায়ু মাঠ-বিদ্যালয় পরিচালনা, জলবায়ু-সহনশীল কৃষি বিষয়ে প্রশিক্ষণ, লবণাক্ততা ও প্রতিকূলতা-সহনশীল ধান ও সবজির বীজ সরবরাহ, খাল-পুকুর খনন এবং বৃষ্টির পানি সংরক্ষণের জন্য গভীর নলকূপ স্থাপনের মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পাশাপাশি মালচিং, অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) ও ড্রিপ সেচের মতো পানিসাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার, প্রদর্শনী খামার স্থাপন, কৃষিভিত্তিক ব্যবসা এবং বাজারসংযোগ উন্নয়নেও কাজ করছে সংস্থাটি। সুপেয় পানির সংকট নিরসন, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, ম্যানগ্রোভ সংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করাও এসব কার্যক্রমের অংশ। লিডার্সের তথ্য অনুযায়ী, উপকূলীয় অঞ্চলে এ ধরনের উদ্যোগের আওতায় ৬০ হাজারের বেশি পরিবার যুক্ত হয়েছে।

আলোচনায় জলবায়ু অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে স্থানীয় সংগঠনগুলোর নানা প্রতিবন্ধকতার বিষয়ও তুলে ধরা হয়। লিডার্স জানায়, অনেক জলবায়ু তহবিলে আবেদন ও অর্থপ্রাপ্তির প্রক্রিয়া জটিল। স্থানীয় সংগঠনগুলোর সরাসরি অর্থায়ন পাওয়ার সুযোগ সীমিত। এ ছাড়া স্থানীয় প্রতিষ্ঠানের সক্ষমতা, জনবল ও সমন্বয় জোরদারের জন্যও পর্যাপ্ত বরাদ্দ থাকে না। ফলে মাঠপর্যায়ে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে প্রকল্পের এলাকা, কার্যক্রম ও উপকারভোগীর সংখ্যা সীমিত রাখতে হয়।

স্বল্পমেয়াদি ও খণ্ডিত অর্থায়নকেও বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। উপকূলীয় এলাকায় খাদ্য উৎপাদন, পানির নিরাপত্তা, জীবিকা, অবকাঠামো এবং প্রতিবেশব্যবস্থার সুরক্ষা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। কিন্তু দাতা সংস্থা ও সরকারি বিভিন্ন বিভাগ অনেক সময় আলাদা আলাদা খাতে অর্থায়ন করে। এতে একই জনগোষ্ঠীর বহুমাত্রিক ঝুঁকি সমন্বিতভাবে মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে সক্ষম স্থানীয় সংগঠনগুলোর জন্য সরাসরি অর্থায়ন নিশ্চিত করা, অর্থায়ন প্রক্রিয়া সহজ ও নমনীয় করা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব তুলে ধরেন মোহন কুমার মণ্ডল। তিনি বিচ্ছিন্ন ও এককালীন প্রকল্পের পরিবর্তে জলবায়ু ঝুঁকির পারস্পরিক সম্পর্ক বিবেচনায় বহু বছর মেয়াদি সমন্বিত কর্মসূচিতে বিনিয়োগের আহ্বান জানান।

এ ছাড়া স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রণীত স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনাকে জাতীয় অভিযোজন পরিকল্পনার সঙ্গে যুক্ত করা এবং স্থানীয় সরকার, সরকারি বিভাগ, নাগরিক সমাজ, কৃষক ও জনগোষ্ঠীর দায়িত্ব সুনির্দিষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি, পানির দক্ষ ব্যবহার, দায়িত্বশীল সরবরাহব্যবস্থা, পুনরুজ্জীবনমূলক কৃষি এবং ক্ষুদ্র কৃষকের ন্যায্য বাজারপ্রাপ্তিতে কৃষিভিত্তিক ব্যবসা ও বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাবও আসে। পাশাপাশি স্থানীয় সংগঠনগুলোর কনসোর্টিয়াম গঠন, যৌথভাবে কাজের সুযোগ সৃষ্টি এবং কমিউনিটির অধিকার ও স্বার্থ সুরক্ষার মাধ্যমে কার্বন ক্রেডিটভিত্তিক উদ্যোগ থেকে অতিরিক্ত অর্থায়নের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের আলোচনায় স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন কার্যক্রমের সঙ্গে জলবায়ু অর্থায়নের সমন্বয় এবং জনগোষ্ঠী, স্থানীয় সংগঠন, সরকার, গবেষণা প্রতিষ্ঠান, অর্থায়নকারী ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।

আলোচনার মূল বার্তা ছিল, স্থানীয় জনগোষ্ঠী ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর ও বাস্তবসম্মত সমাধান তৈরি করছে। এসব উদ্যোগকে টেকসই করা এবং বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে প্রয়োজন সরাসরি, পর্যাপ্ত ও দীর্ঘমেয়াদি অর্থায়ন।

উল্লেখ্য, লিডার্স বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করে। জলবায়ু পরিবর্তন অভিযোজন, পানির নিরাপত্তা, সহনশীল জীবিকা, কৃষি, প্রতিবেশব্যবস্থার সংরক্ষণ, জেন্ডার সমতা এবং জনগোষ্ঠীর নেতৃত্বে উন্নয়ন সংস্থাটির কাজের প্রধান ক্ষেত্র।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ