চান্দেরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সাবেক ছাত্রনেতা সুমন সরকার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম আপডেট: ১৮.১১.২০২৬ ৫:৩৯ পিএম (ভিজিট : ৩)

কুমিল্লার হোমনা উপজেলার ৪ নম্বর চান্দেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা সুমন সরকার। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশার কথাও জানিয়েছেন।
সুমন সরকার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিকবার কারাবরণ করেছেন বলে জানিয়েছেন তিনি। এবার ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিতে চান এই সাবেক ছাত্রনেতা।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে মোহাম্মদ সুমন সরকার বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। হোমনা-তিতাসের অভিভাবক ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আমার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও অবদানের বিষয়টি বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দেবেন বলে আশা করছি।’
দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘কোনো কারণে দলীয় মনোনয়ন না পেলেও আমি সাধারণ মানুষের পাশে থাকব। জনগণের ভালোবাসা ও আস্থার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, ইনশাআল্লাহ।’
স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের ভাষ্য, অতীতে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সুমন সরকারের ভূমিকা এবং কারাবরণের অভিজ্ঞতা নিয়ে এলাকায় আলোচনা রয়েছে। তাঁর প্রার্থী হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে চান্দেরচর ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই