প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ এএম (ভিজিট : ৩৫)

৩০ কেজির মাছ দেখতে ভিড়
নতুন ধানের চালের ভাত, সঙ্গে বড় মাছের নানা পদে নবান্ন উৎসবে এমন আয়োজন যেন বাঙালির চিরচেনা ঐতিহ্য। আর সেই ঐতিহ্যকে ঘিরেই জয়পুরহাটের কালাইয়ে বসেছে মাছের মেলা। প্রতিবছর অগ্রহায়ণ মাসের শুরুতে অনুষ্ঠিত হওয়া এক দিনের এ মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। ভোর থেকেই বাজারে বড় বড় মাছের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মাছ কিনতে ও দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।
বুধবার (১৮ নভেম্বর) নবান্ন উৎসব উপলক্ষে কালাই উপজেলার পাঁচশিরা বাজারে এ মেলা বসে। শুধু কালাই নয়, জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ক্রেতা-বিক্রেতারা আসেন মেলায়। পরিবারের জন্য পছন্দের মাছ কিনতে ধনী-গরিব সব শ্রেণির মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বাজার।
মেলায় রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল, ব্রিগেড, বাগাড়, বোয়াল ও চিতলসহ নানা প্রজাতির মাছ নিয়ে বসেন ব্যবসায়ীরা। এসব মাছের মধ্যে ২৮ থেকে ৩০ কেজি ওজনের বিশাল মাছগুলো ক্রেতা ও দর্শনার্থীদের বেশি আকর্ষণ করছে। মাছের আকার ও প্রজাতিভেদে মাঝারি মাছ প্রতি কেজি ৩৮০ থেকে ৫০০ টাকা এবং বড় মাছ ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
স্থানীয়দের কাছে এ মেলা মাছ কেনাবেচার পাশাপাশি আনন্দ ও মিলনেরও উপলক্ষ। নবান্নে নতুন চালের ভাতের সঙ্গে বড় মাছের নানা পদ দিয়ে জামাই, আত্মীয়স্বজন ও অতিথিদের আপ্যায়ন করা হয়। এ কারণেই মেলাটি স্থানীয়ভাবে ‘জামাইদের মাছের মেলা’ নামে পরিচিত।
মেলায় মাছ কিনতে আসা ক্ষেতলাল উপজেলার মনজুরুল আলম বলেন, নবান্ন এলেই প্রতিটি পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়। নতুন চালের ভাতের সঙ্গে মাছের নানা পদ থাকে। তাই পরিবারের জন্য পছন্দের মাছ কিনতে মেলায় এসেছি।
কালাইয়ের কর্মকারপাড়া এলাকার বাসিন্দা শুভ বলেন, গতবারের তুলনায় এবার মেলায় মাছের আমদানি বেশি। বড় বড় মাছও উঠেছে। তবে দাম কিছুটা বেশি। গ্রামবাংলার ঐতিহ্য ও মিলনমেলারও এক বিশেষ উপলক্ষ এ মেলা।
মাছ ব্যবসায়ী বাইজিদ বলেন, ৪৫০ টাকা কেজি দরে সাত কেজি ওজনের একটি কাতলা মাছ জয়পুরহাটের সাগর হোসেনের কাছে বিক্রি করেছি। মেলায় মানুষের উপস্থিতি অনেক। তবে সেই তুলনায় বেচাকেনা কিছুটা কম। তারপরও ভালো বিক্রির আশা করছি।
পাঁচশিরা মাছ বাজারের ইজারাদার আব্দুল লতিফ বলেন, জয়পুরহাট ছাড়াও বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা মাছ নিয়ে এসেছেন। এবার মাছের বাজার মোটামুটি স্বাভাবিক। এতে সব শ্রেণির মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী মাছ কিনতে পারছেন। দিন শেষে মেলায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ বিক্রি হতে পারে বলে আশা করছি।
কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম বলেন, মেলায় বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছের সমাগম হয়েছে। এতে ক্রেতাদের পাশাপাশি মাছচাষিরাও উৎসাহিত হচ্ছেন। অনিরাপদ বা বিষাক্ত মাছ বিক্রি ঠেকাতে মৎস্য বিভাগের নজরদারি রয়েছে। এবারও বিপুল পরিমাণ মাছ বিক্রির সম্ভাবনা রয়েছে। দিন শেষে লেনদেন দেড় কোটি টাকা ছাড়াতে পারে বলে ধারণা করছি।
তিনি আরও বলেন, মৎস্য বিভাগ নিয়মিত মাছচাষিদের পরামর্শ দিয়ে আসছে। ভবিষ্যতে এ মেলার পরিধি আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।
ডেল্টা টাইমস/মো: মিজানুর রহমান/সিআর/এমই