জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উত্তপ্ত হচ্ছে সমুদ্র, বাড়ছে অম্লতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বিপন্ন হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় জনপদ। অথচ জলবায়ু অর্থায়নের সামান্য অংশই যাচ্ছে সমুদ্রসংক্রান্ত অগ্রাধিকারে। এই ঘাটতি কমাতে সমুদ্রভিত্তিক জলবায়ু উদ্যোগে অর্থপ্রাপ্তির সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে কপ-৩১ প্রেসিডেন্সি। এ লক্ষ্যে ঘোষণা করা হয়েছে ‘আন্তালিয়া ওশেন অ্যান্ড সিজ কমপ্যাক্ট’। কমপ্যাক্টের পাশাপাশি চালু হওয়া একটি সহযোগিতা উদ্যোগে ২০৩৫ সালের মধ্যে ক্ষতিগ্রস্ত অগ্রাধিকারপ্রাপ্ত উপকূলীয় এলাকার অন্তত ২০ শতাংশ পুনরুদ্ধারের লক্ষ্য ঠিক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ এসব উদ্যোগ ঘোষণা করা হয়। একই দিন জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস ও ভূমির অবক্ষয় মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিতে গঠন করা হয়েছে ‘রিও সিনার্জিস গ্রুপ ফর অ্যাকশন’।
কপ-৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, সমুদ্র পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে, মানুষের জীবিকা জোগায় এবং বিভিন্ন জনগোষ্ঠীকে টিকিয়ে রাখে। কিন্তু উষ্ণতা বৃদ্ধি, অম্লায়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও দূষণের কারণে সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং উপকূলীয় জনগোষ্ঠী ক্রমবর্ধমান চাপে পড়ছে।
তিনি বলেন, উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, আগাম সতর্কব্যবস্থা জোরদার এবং সমুদ্রবিষয়ক গবেষণা ও তথ্য বিনিময়ের মতো অনেক সমাধানই জানা আছে। বড় চ্যালেঞ্জ হলো এসব সমাধান বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষতা, অংশীদারত্ব ও বিদ্যমান অর্থের উৎসের মধ্যে সংযোগ তৈরি করা। কপ-৩১ সেই সহযোগিতা জোরদারে কাজ করছে।
কমপ্যাক্টে দেশগুলোকে জাতীয় জলবায়ু পরিকল্পনায় সমুদ্রসংক্রান্ত নীতি আরও জোরদার করতে উৎসাহিত করা হয়েছে। লক্ষ্য কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি অভিযোজন ও উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা বাড়ানো।
কমপ্যাক্টে স্বীকার করা হয়েছে, জলবায়ু অর্থায়নের খুব সামান্য অংশই সমুদ্রসংক্রান্ত অগ্রাধিকারে পৌঁছায়। এ ঘাটতি দূর করতে আর্থিক প্রতিষ্ঠান ও অংশীজনদের সমুদ্রভিত্তিক অর্থায়ন বা ‘ব্লু ফাইন্যান্স’-এ প্রবেশাধিকার সহজ করার আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে ‘কপ-৩১ ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’-এর মতো উদ্যোগ কাজে লাগানোর কথা বলা হয়েছে।
কমপ্যাক্টের পাশাপাশি চালু হয়েছে ‘রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর ওশেন অ্যান্ড সিজ’ উদ্যোগ। এর আওতায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, সমুদ্রবিষয়ক তথ্য ও আগাম সতর্কব্যবস্থায় প্রবেশাধিকার উন্নত করা, সামুদ্রিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং উপকূলীয় অগ্রাধিকারকে বিনিয়োগের উপযোগী প্রকল্পে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
২০৩৫ সালের মধ্যে ক্ষতিগ্রস্ত অগ্রাধিকারপ্রাপ্ত উপকূলীয় এলাকার অন্তত ২০ শতাংশ পুনরুদ্ধারের পাশাপাশি পরিচ্ছন্ন সামুদ্রিক জ্বালানি, পরিবেশবান্ধব বন্দর এবং জাহাজ চলাচল ও পর্যটনে জলবায়ু-সহনশীল বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য রয়েছে। ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর জন্য আগাম সতর্কব্যবস্থার সম্প্রসারণও এর অংশ।
সমুদ্রদূষণ মোকাবিলায় ‘মেরিন লিটার অ্যাকশন প্ল্যাটফর্ম’কেও কপ-৩১-এ বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়েছে। গত সেপ্টেম্বরে ট্রাবজোনে অনুষ্ঠিত ওশেনস অ্যান্ড সিজ সামিটে চালু হওয়া এই প্ল্যাটফর্ম তুরস্কের ‘জিরো ওয়েস্ট’ অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্যকর সমাধান ছড়িয়ে দিতে কাজ করবে।
সমুদ্র ও উপকূলীয় প্রকল্পে বাড়তি অর্থ জোগাড়ে যৌথভাবে কাজ করছে তুরস্ক ও অস্ট্রেলিয়া। বিশেষ করে ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জন্য এ উদ্যোগ। এদিন দুই দেশ বিজ্ঞানী ও নীতিনির্ধারকদের নিয়ে একটি আলোচনারও আয়োজন করে। সেখানে বৈশ্বিক জলবায়ু ব্যবস্থায় অ্যান্টার্কটিকার ভূমিকা এবং সমুদ্র ও বিশ্বের বিভিন্ন জনপদে এর প্রভাব নিয়ে আলোচনা হয়।
কপ-৩১-এর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রবিষয়ক দূত ইনিয়া সেরুইরাতু বলেন, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর কাছে সমুদ্র অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। সমুদ্র কয়েকশ কোটি মানুষের জীবনধারণে সহায়তা করে এবং বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সমুদ্রকে বাদ দিয়ে জলবায়ু মোকাবিলার উদ্যোগ সফল হতে পারে না।
এদিকে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস ও ভূমির অবক্ষয় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও এসব সংকট মোকাবিলার উদ্যোগ প্রায়ই আলাদাভাবে চলে। এই পরিস্থিতি বদলাতে গঠিত হয়েছে ‘রিও সিনার্জিস গ্রুপ ফর অ্যাকশন’। দেশগুলোর নেতৃত্বে পরিচালিত এই স্বেচ্ছামূলক উদ্যোগ তিনটি রিও কনভেনশনের সহযোগিতার ভিত্তিতে জলবায়ু, জীববৈচিত্র্য ও ভূমিসংক্রান্ত বিদ্যমান অগ্রাধিকারের মধ্যে সমন্বয় বাড়াবে। এতে নতুন কোনো প্রতিশ্রুতি বা প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা তৈরি হবে না।
জাতিসংঘ মহাসচিবের সমুদ্রবিষয়ক বিশেষ দূত পিটার থমসন বলেন, ফিজিতে অনুষ্ঠিত প্রশান্ত মহাসাগরীয় প্রি-কপে কপ-৩১ প্রেসিডেন্সি যে প্রতিশ্রুতি দিয়েছিল, আন্তালিয়া কমপ্যাক্টে তার প্রতিফলন ঘটেছে। তাঁর মতে, সমুদ্রকে বিবেচনায় না নিলে জলবায়ু নিয়ে কোনো আলোচনাই পূর্ণাঙ্গ হয় না। একইভাবে জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে সরে আসার কেন্দ্রীয় গুরুত্ব স্বীকার না করলেও তা অসম্পূর্ণ থেকে যায়।
উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ উপদেষ্টা ও কপ-৩১ উপদেষ্টা পর্ষদের সদস্য কিলাপার্তি রামকৃষ্ণ বলেন, সুস্থ সমুদ্র ছাড়া জলবায়ুর স্থিতিশীলতা সম্ভব নয়। সমুদ্রবিষয়ক বিজ্ঞানকে নীতিতে রূপ দেওয়া, অর্থায়ন জোগাড় করা এবং উপকূলীয় জনগোষ্ঠী ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য ফল নিশ্চিত করতে এই কমপ্যাক্ট সরকার ও অংশীজনদের একটি অভিন্ন এজেন্ডা দেবে। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক ফাতিহ তুরান বলেন, আন্তালিয়া কমপ্যাক্ট সমুদ্র রক্ষার যৌথ অঙ্গীকারকে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় রূপ দিয়েছে। ভূমধ্যসাগর অববাহিকাকে জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান ঝুঁকিপূর্ণ এলাকা উল্লেখ করে তিনি বলেন, উষ্ণতা বৃদ্ধি, সামুদ্রিক দূষণ ও উপকূলীয় ভাঙনের মতো হুমকি মোকাবিলা সীমান্ত পেরোনো সংহতি ছাড়া সম্ভব নয়। ইস্তাম্বুলে প্রতিষ্ঠিত আঞ্চলিক জলবায়ু পরিবর্তন কার্যক্রম কেন্দ্র, ‘জিরো ওয়েস্ট’ দৃষ্টিভঙ্গি ও এ প্রক্রিয়ায় নেওয়া সামুদ্রিক উদ্যোগগুলোর মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা ও বৈজ্ঞানিক সক্ষমতা জোরদারে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, নতুন আমলাতান্ত্রিক চাপ না চাপিয়ে বিদ্যমান অর্থায়ন ব্যবস্থা ও অংশীদারত্ব কাজে লাগানোর মধ্য দিয়ে এই কমপ্যাক্ট উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা বাড়ানো ও টেকসই ব্লু ইকোনমি নিশ্চিত করার পথে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’।
কপ-৩১-এর আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে তুরস্ক ও জার্মানির ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইনিশিয়েটিভ (আইকেআই) ভবন খাতে জ্বালানি ও বৃত্তাকার অর্থনীতির রূপান্তরে একটি বড় অনুদান আহ্বান (লার্জ গ্রান্ট কল) চালু করেছে। আরও দক্ষ ও টেকসই নগর গড়ার অগ্রাধিকারে এটি অবদান রাখবে বলে জানানো হয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম পক্ষ সম্মেলন (কপ-৩১) আন্তালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই