জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান

2026-11-18T12:38:01+06:00
2026-11-18T12:38:01+06:00
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ২২)
মো. শফিকুল ইসলাম, আন্তালিয়া (তুরস্ক) থেকে:

মো. শফিকুল ইসলাম, আন্তালিয়া (তুরস্ক) থেকে:

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার এই অর্থায়ন সম্পূর্ণ অনুদান, ঋণ নয়। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে পরবর্তী সময়ে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার অর্থায়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ গতকাল মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থায়নের ধরন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সাইমুম পারভেজ বলেন, ‘এটি সম্পূর্ণ অনুদান, ঋণ নয়।’

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গ্লোবাল শিল্ডের কাছে অর্থায়নের আবেদন জমা দিয়েছিল। জলবায়ু ও দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় দেশের আর্থিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ড. সাইমুম পারভেজ বলেন, এই অগ্রগতি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তাঁকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে অভিহিত করেন এবং তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার এবং সিভিএফ-ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ভি২০ অর্থবিষয়ক উপদেষ্টা সারা জেন আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জি-৭ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস কর্মসূচির আওতায় বাংলাদেশ নির্বাচিত হয়েছে। দুর্যোগ আঘাত হানার আগেই আর্থিক প্রস্তুতি নিশ্চিত করা এবং দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য।

কর্মসূচির আওতায় বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন এবং বিমাব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে জাতীয় নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন, তথ্যব্যবস্থা ও মডেলিংয়ের উন্নয়ন এবং কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা ও আর্থিক সুরক্ষা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া দুর্যোগের পূর্বাভাস বা নির্ধারিত ঝুঁকির ভিত্তিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হবে। দেশের বিদ্যমান জাতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।

এর ফলে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবিকা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা কাঠামো গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রাথমিক পর্যায়ের ৩০ মিলিয়ন ইউরোর কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের সম্ভাবনা রয়েছে। এতে বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলার কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।

দুর্যোগের পর সহায়তার জন্য অপেক্ষা না করে আগেই অর্থায়নের প্রস্তুতি রাখা, জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গ্লোবাল শিল্ডের এই অর্থায়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ