জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ সেই ৫ কর্মকর্তাকে বহিষ্কার ও পুলিশে হস্তান্তর

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছাত্রদল-ছাত্রশক্তির নেতাকর্মীদের মারধরের শিকার সেই পাঁচ কর্মকর্তাকে সাময়িক

2026-11-17T16:28:21+06:00
2026-11-17T16:28:21+06:00
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ সেই ৫ কর্মকর্তাকে বহিষ্কার ও পুলিশে হস্তান্তর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ০)

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছাত্রদল-ছাত্রশক্তির নেতাকর্মীদের মারধরের শিকার সেই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। একই সঙ্গে, তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে রাজধানীর কোতোয়ালি থানায় নিরাপদ হেফাজতে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।

সাময়িক বহিষ্কৃত পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ ঘটনার সুষ্ঠু তদন্তে একটি কমিটি গঠনের কথাও জানিয়েছেন উপাচার্য।

উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের কিছু সহকর্মী, যারা কর্মকর্তা এবং যারা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আমাদের কতিপয় শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা তাদের ইতোমধ্যে পাকড়াও করেছেন। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছে। বিশেষ করে রেজোয়ান নামের একজন শিক্ষার্থী কিছুদিন আগে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক হয়েছিল। তার সঙ্গে ক্যাম্পাসের অনেক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই কর্মকর্তাদের থানায় নিরাপদ হেফাজতে রেখেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

এর আগে, সোমবার (১৬ নভেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় তাদের মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। একই সময়ে বাংলা বিভাগের দেয়ালচিত্রে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিমকে অবরুদ্ধ করে জিজ্ঞাসাবাদ করেন ছাত্রসংগঠন দুটির নেতাকর্মীরা।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে জড়িতদের চিহ্নিত করতেই এ অভিযান চালানো হয়েছে। এ সময় বাংলা বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করা হয়।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. নাসির উদ্দীন আহমাদ। তিনি বলেন, আমরা পুরো প্রক্রিয়া নিয়ে কাজ করছি। একটা চূড়ান্ত আপডেট আমরা এখন করছি। এরপর জানাব। পরে আপডেটটা দিতে পারব।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ