এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। এ ছাড়া এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। এর ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান। তিনি বলেন, এ বছর পরীক্ষা ও ফল প্রকাশ হয়ে গেছে। ফলাফল মোটেও ভালো হয়নি।
৫২ শতাংশ পাস করেছে। এর মধ্যে আমি দেখছি, বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তির সুযোগ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষা নিতে পারে। আমি উপাচার্যদের সঙ্গে একটি বৈঠক করেছি এবং উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নিয়েছি। এটি ৭ নভেম্বর থেকে শুরু হবে এবং ২৩ নভেম্বর শেষ হবে। অর্থাৎ ২৩ নভেম্বর আমরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে যাচ্ছি।
শিক্ষামন্ত্রী বলেন, আমি যতদূর জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিদ্ধান্ত নিয়েছেন যে ২৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। আমি তাকে বলব, আরও কয়েকদিন সময় বাড়াতে, যাতে উত্তরপত্র পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থী ভালো গ্রেড পাবে, তাদের অন্তর্ভুক্ত করা যায়।
তিনি বলেন, আমি আরেকটি ব্যবস্থা চালু করেছি। যারা এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে, আগে এটাকে আমরা ‘রেফার্ড’ বলতাম। জানি না, আজকাল কী বলে। যারা এক বা দুটি বিষয়ে ফেল করেছে, তারা পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবে। সেটি ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর।
শিক্ষামন্ত্রী বলেন, আমি আপনাদের সেই রেফার্ড শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করতে বলছি না। কারণ, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর আসন ফাঁকা আছে। তারা সেখানে ভর্তি হতে পারবে। পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী পাস করেছে। সারা দেশে আমাদের ১৫ লাখ আসন রয়েছে। আমাদের ৫৭টি সরকারি এবং ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সুতরাং, প্রায় ১৫ লাখ আসন ভর্তির জন্য ফাঁকা আছে, অথচ আমার কাছে সব মিলিয়ে শিক্ষার্থী হবে ৬ লাখ। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা বুয়েট কিংবা নামীদামি ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর চিন্তার কিছু নেই। আপনারা এগিয়ে যেতে পারেন। কারণ, আমি চাই সেশনজট সমন্বিত হোক।
ডেল্টা টাইমস/সিআর/এমই