ভারতে ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

ভারতের মাটিতেই জন্ম, বেড়ে ওঠা, সংসারও গড়েছেন সেখানে। পরিচয়পত্র ও পরিবারের সদস্যদের নাগরিকত্বের নথিও রয়েছে। তবু হঠাৎ ভোটার

2026-11-16T16:38:52+06:00
2026-11-16T16:38:52+06:00
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৭)

ভারতের মাটিতেই জন্ম, বেড়ে ওঠা, সংসারও গড়েছেন সেখানে। পরিচয়পত্র ও পরিবারের সদস্যদের নাগরিকত্বের নথিও রয়েছে। তবু হঠাৎ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন দেশটির মুসলিম সম্প্রদায়ের অনেকে।

কারও ঠাঁই হচ্ছে আটককেন্দ্রে, কাউকে আবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। এতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমদের মধ্যে বাড়ছে আটক ও দেশছাড়ের শঙ্কা।

সোমবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই কিছু মানুষের অসহায়ত্বের চিত্র। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারতের নাগরিক হয়েও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে অনেক মুসলিমকে।

কেউ আটক, কেউ দেশছাড়া, আবার কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কাটাচ্ছেন। এমনই একজন সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ে বাড়ি থেকে সবজি কিনতে বের হয়েছিলেন ৩৮ বছর বয়সী এই নারী। ছোট ছেলেকে বলেছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরবেন তিনি।

কিন্তু, তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ফেরা হয়নি তার। বর্তমানে স্বামী ও দুই ছেলেকে ছেড়ে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে থাকতে হচ্ছে তাকে।

সাহিদার অভিযোগ, সাদাপোশাকের কয়েকজন কর্মকর্তা তাঁকে আটক করে মুঠোফোন কেড়ে নেন। সেখানে ছিল পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথির কপি। পরে, তাকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়। মুহূর্তের মধ্যে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি।

রয়টার্সের সঙ্গে কথা বলা ১০টি পরিবারের সদস্যদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে। তাদের স্বজনদের কেউ আটক হয়েছেন, কাউকে দেশছাড়া করা হয়েছে, আবার কাউকে নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। অথচ তাদের পরিবারের অন্য সদস্যদের নাম রয়েছে ভারতের ভোটার তালিকায়।

ভারতে ভোটার তালিকা সংশোধনের এ প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে বড় পরিসরে ভোটার বাদ দেওয়ার ঘটনা।

এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুসলিম সম্প্রদায়ের ওপর বলে বিভিন্ন তথ্য ও মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষণে উঠে এসেছে। তবে, বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

পশ্চিমবঙ্গে চলতি বছরের রাজ্য নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়। সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ রাজ্যটির মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম।

গত ৫ নভেম্বর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পরে তাদের দেশ থেকে বের করে দেওয়া তার দল বিজেপির অঙ্গীকার।

এদিকে, সাহিদার পরিবার তার দেশে ফেরার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে। পরিবারের আবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কেউ বিদেশি হয়ে যান না।

সাহিদার মা-বাবা ও দাদা-দাদির নাম ১৯৫২ সাল থেকেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিল। ২০০৮ সাল থেকে ভোটার তালিকায় নিজের নামও ছিল তাঁর।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাসনপত্র বিক্রেতা নাসিরুদ্দিন শেখ। তার দাবি, ছত্তিশগড়ে কাজ করার সময় তাকে আরও ২২ জনের সঙ্গে আটক করে পুলিশ। তাদের ১৯ জন মুক্তি পেলেও নাসিরুদ্দিনসহ চারজনকে ৩২ দিন আটক থাকতে হয়।

মানবাধিকারকর্মী কিরিটি রায় জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ আবেদন জমা পড়েছে। কিন্তু, ট্রাইব্যুনালগুলোতে শুনানি চলছে ধীরগতিতে।

ফলে, নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও অনেক মানুষকে অপেক্ষা করতে হচ্ছে ন্যায়বিচারের জন্য। কারও অপেক্ষা পরিবারের কাছে ফেরার, কারও অপেক্ষা নিজের জন্মভূমিতে নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়ার। - সূত্র: রয়টার্স


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ