রাশিয়ার কাছে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন মার্কিন আলোচকরা- এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির

2026-11-15T10:00:09+06:00
2026-11-15T10:00:09+06:00
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রাশিয়ার কাছে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম   (ভিজিট : ১১)
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডাবলিনের পশ্চিমে বালডোনেলের কেসমেন্ট অ্যারোড্রোমে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডাবলিনের পশ্চিমে বালডোনেলের কেসমেন্ট অ্যারোড্রোমে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন মার্কিন আলোচকরা- এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্র এখনো তার এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেনি।

ওয়াশিংটনের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে হলে দুই পক্ষেরই সম্মতি প্রয়োজন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করার পর ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে এলো।

দীর্ঘদিন ধরেই ন্যাটোর সদস্যপদ চেয়ে আসছে কিয়েভ। তবে যুক্তরাষ্ট্রসহ জোটের কয়েকটি দেশ এ বিষয়ে আপত্তি জানিয়েছে। অন্যদিকে রাশিয়া বরাবরই বলে আসছে, নিজেদের সীমান্তের কাছে ন্যাটোর আরেকটি সদস্যদেশকে তারা মেনে নেবে না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটি শিল্পসমৃদ্ধ দনবাস অঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। তবে ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নন বলে ধারাবাহিকভাবে জানিয়ে আসছেন জেলেনস্কি।

শনিবার (১৪ নভেম্বর) তার দপ্তর থেকে প্রকাশিত বক্তব্যে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র একটি প্রশ্ন তুলেছিল- ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে কি দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? বিষয়টি প্রথমবারের মতো উত্থাপন করা হলো।

তিনি আরও বলেন, নিরাপত্তার সুনির্দিষ্ট নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য অর্থায়নের বিষয়সহ কোনো নির্দিষ্ট প্রস্তাব পেলে তিনি সেটি গণভোটে দেবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। এর আগে মস্কোতে পুতিনের সঙ্গে এক দফা আলোচনা করেন তারা।

পুতিন ও ক্রেমলিনের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলেছে, যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানে বড় কোনো পরিবর্তন আসেনি। এর আগে মস্কো শান্তিচুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ড ছেড়ে দেওয়া ও কিয়েভের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার প্রস্তাব দিয়েছিল।

ইউক্রেন এসব শর্ত প্রত্যাখ্যান করেছে। কিয়েভের যুক্তি, এ ধরনের বিধিনিষেধ ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকানোর সক্ষমতা দুর্বল করে দেবে।

যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর অন্য সদস্যদেশগুলোরও ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে সতর্ক অবস্থান রয়েছে। ইউক্রেন নিজেও বিষয়টিকে আপাতত বাস্তবসম্মত মনে করছে না বলে জানা গেছে। রাশিয়াও শুরু থেকেই এর তীব্র বিরোধিতা করে আসছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পেছনে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর আপত্তি অন্যতম কারণ।

সম্ভবত দনবাসের দখলকৃত ভূখণ্ড নিয়ে ইউক্রেনের ‘রেড লাইন’ বা কোন পর্যায়ে কিয়েভ আপস করতে রাজি নয়, তা যাচাই করতেই মার্কিন প্রতিনিধিরা এ ধরনের ধারণা সামনে এনেছেন। সম্প্রতি জেলেনস্কি বলেছিলেন, মার্কিন মধ্যস্থতাকারীরা মনে করছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে শুধু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। দ্রুত চুক্তিতে পৌঁছাতে তারা কিয়েভের ওপর চাপও দিচ্ছেন।

তবে ইউক্রেনের ধারণা, রাশিয়ার উচ্চাকাঙ্ক্ষা দনবাসের বাইরেও বিস্তৃত। এ কারণে ন্যাটোর সদস্যপদকেই দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তার সবচেয়ে নির্ভরযোগ্য নিশ্চয়তা হিসেবে দেখে আসছে কিয়েভ।

এমন পরিস্থিতিতে জেলেনস্কি প্রস্তাবটির কথা প্রকাশ্যে এনে কার্যত বন্ধ হয়ে যাওয়া আলোচনাটি আবারও সামনে আনতে চাইছেন- এমন সম্ভাবনাও রয়েছে। তার ভাষায়, ইউরোপের নিরাপত্তা নিয়ে ‘অত্যন্ত কঠিন আলোচনার’ অংশ হিসেবে বিষয়টি এখন আবার আলোচ্যসূচিতে এসেছে।

এটি রাশিয়ার নতুন করে কঠোর অবস্থান নেওয়ার পর ইউক্রেনের পাল্টা অবস্থান হিসেবেও দেখা হচ্ছে। মস্কো এখন ‘নতুন ইউরোপীয় নিরাপত্তা কাঠামো’র কথা বলছে। রাশিয়ার দীর্ঘদিনের অবস্থানে এই ধারণার অর্থ হলো, ন্যাটোর প্রভাব ও সক্ষমতা দুর্বল করা।

চলতি সপ্তাহে আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বশেষ দফার আলোচনায়ও বিষয়টি প্রধান গুরুত্ব পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেলেনস্কির বক্তব্যের কয়েক ঘণ্টা পর জ্যারেড কুশনার যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার কোনো প্রস্তাব দিয়েছে- এমন ধারণা প্রশমিত করার চেষ্টা করেন। সংবেদনশীল আলোচনার স্বার্থে তিনি গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানান।

কুশনার বলেন, আলোচনায় ‘সর্বোচ্চ দাবি’সংবলিত বিভিন্ন প্রস্তাব এবং কঠোর রাজনৈতিক বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে। কিয়েভের প্রতি পরোক্ষ সমালোচনা হিসেবে বিবেচিত হতে পারে- এমন বক্তব্যে তিনি ‘ব্যক্তিগত আলোচনা’র কথা উল্লেখ করেন। তার ভাষায়, ভয়াবহ এই যুদ্ধের অবসান ঘটাতে নতুন ধারণা নিয়ে আলোচনা চলছে। এসব ধারণা থেকে নতুন প্রস্তাব কিংবা অগ্রগতির পথ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। এর মধ্যে দনবাসের অন্তর্ভুক্ত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের বেশিরভাগ অংশ রয়েছে। রাশিয়া আবারও জানিয়েছে, চূড়ান্ত শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত তারা যুদ্ধবিরতিতে রাজি হবে না।

ওই চুক্তিতে দনবাসের যেসব অংশ এখনো রুশ সেনাদের নিয়ন্ত্রণে আসেনি, সেগুলোর নিয়ন্ত্রণ ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। পাশাপাশি ২০১৪ সালে রাশিয়ার অবৈধভাবে সংযুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত করতে চায় মস্কো।

সাম্প্রতিক এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে, যখন কিয়েভ ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন চলছে। রাশিয়ার ভেতরে অনেক দূরে অবস্থিত তেল স্থাপনায় ইউক্রেনের হামলা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে রাশিয়ার ডিজেল সরবরাহ সচল রাখার স্বার্থে ইউক্রেনকে এসব হামলা বন্ধ রাখতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর জেলেনস্কি অভিযোগ করেন, প্রতিরক্ষামূলক সামরিক অভিযান সমন্বয়ের কাজে ব্যবহৃত ইউক্রেনের স্টারলিংক ইন্টারনেট সেবা সীমিত করে দিচ্ছেন মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে ট্রাম্প বলেন, ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় হয়েছে’ এবং দেশটিতে নতুন নির্বাচনের আহ্বান জানান।

ইউক্রেনে সামরিক আইন কার্যকর থাকায় নির্বাচন স্থগিত রয়েছে। তবে জেলেনস্কি এর আগে বলেছিলেন, শান্তিচুক্তি হলে কয়েক মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে তিনি প্রস্তুত। ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিনিময়ে প্রেসিডেন্টের পদ ছেড়ে দেওয়ার কথাও বলেছেন তিনি। - সূত্র: বিবিসি 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ