প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম (ভিজিট : ০)

সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গত অক্টোবর মাসে ৩৫০ জন মিয়ানমারের নাগরিক, ১১৪ জন বাংলাদেশি ও ৭ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে সীমান্তসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭৩ কোটি ৩৭ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।
শনিবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গত অক্টোবর মাসে সীমান্তে বিজিবির অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক ৪৭১ জনের মধ্যে ৩৫০ জন মিয়ানমারের নাগরিক, ১১৪ জন বাংলাদেশি ও ৭ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এ ছাড়া ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবির অভিযানে গত মাসে সর্বমোট ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮টি শাড়ি, ৫ হাজার ৯৭৬টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ২৮টি তৈরি পোশাক, ২ লাখ ৭৬ হাজার ৯৮টি প্রসাধনসামগ্রী, ২২ লাখ ৪৩ হাজার ২৫৭ পিস আতশবাজি এবং ১ লাখ ৬৯ হাজার ৪৫৮ কেজি কয়লা।
এ ছাড়া ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি, ১২ হাজার ১৪২ কেজি সার, ১০ লাখ ১০ হাজার ৮০০ কেজি কারেন্ট জাল এবং ২১ লাখ ৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মোবাইল ফোন, যন্ত্রাংশ, ওষুধ, কসমেটিকস, পোশাক ও অন্যান্য পণ্য।
অভিযানে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে একটি এসএমজি, ছয়টি দেশি-বিদেশি পিস্তল, পাঁচটি অন্যান্য অস্ত্র, সাতটি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ ও ১৯টি ককটেল।
বিজিবি জানায়, অক্টোবর মাসে বিজিবির অভিযানে ৪০ লাখ ৪৫ হাজার ৪১২ পিস ইয়াবা, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশি মদ, ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা এবং ৫ হাজার ১০৯ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
এ ছাড়া ১ হাজার ৮৪৭ ক্যান বিয়ার, ২৭৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ৫ হাজার ৮৯৬ বোতল বিভিন্ন ধরনের সিরাপ, ১ লাখ ৬০ হাজার ৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই