কর্মজীবী মায়েদের সন্তানের সেবায় সংশোধন হচ্ছে শিশু দিবাযত্ন আইন

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

কর্মজীবী মায়েদের সন্তানদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন

2026-11-14T16:27:37+06:00
2026-11-14T16:27:37+06:00
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কর্মজীবী মায়েদের সন্তানের সেবায় সংশোধন হচ্ছে শিশু দিবাযত্ন আইন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : ০)

কর্মজীবী মায়েদের সন্তানদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানো এবং নারীদের শিক্ষার পথে প্রতিবন্ধকতা দূর করার কাজ চলছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুদিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। জনগণের জন্য যা কল্যাণকর, সরকার তা করতে চায়। একইসঙ্গে নারীদের শিক্ষাগ্রহণের ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতেও সরকার কাজ করছে।

নারীদের উচ্চশিক্ষার সুযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার করেছেন। কর্মজীবী মায়েরা যাতে নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য ইশতেহারের ঘোষণা অনুযায়ী কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বাড়ানো হচ্ছে।

চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই দেশের শিশু দিবাযত্ন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রের দায়িত্ব তুলে ধরে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, সুযোগ-সুবিধা দেওয়ার মাধ্যমে নাগরিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা রাষ্ট্রের অন্যতম প্রধান কাজ। জনকল্যাণমূলক কাজে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা দেবে। তবে এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের দায়িত্ব সবার। এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের অন্যতম প্রধান বাধা মানসম্মত শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাব। তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শহরের প্রতি ১০ জন নারীর মধ্যে চারজনই শিশু দিবাযত্ন সুবিধার অভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত মানসম্মত ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে মন্ত্রী অতিথি ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু দিবাযত্নবিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ