সীমান্তে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ, একদিন পর মিলল বিডিআর সদস্যের মরদেহ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম (ভিজিট : ৭)

খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনীরকুল সীমান্তসংলগ্ন ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে সাবেক এক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের একদিন পর শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনীরকুল এলাকার বরই বাগান ও ভারতের সাব্রুমের ঢোলবাড়ি অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মৃত মং মং মারমার ছেলে। তিনি ১৯৮৬ সালে স্বেচ্ছায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) থেকে অব্যাহতি নেন। তিনি ভারত প্রত্যাগত শরণার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ফেনী নদীর ২২১৪/১৮ এস সীমান্ত পিলারসংলগ্ন ভারতের ঢোলবাড়ি অংশে গরুর জন্য ঘাস কাটতে যান অংথৈইপ্রু মারমা। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকালে স্বজনরা স্থানীয় লোকজন ও বিজিবির সহযোগিতায় আবারও খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে ভারতের ঢোলবাড়ি সীমান্তে ফেনী নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তার ডুবন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের ছেলে থংগো মারমা বলেন, গত রাত থেকে বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। রাতে ও সকালে স্থানীয় লোকজন এবং বিজিবির সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করেছি। পরে ভারতের ঢোলবাড়ি অংশে নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে বাবার রক্তাক্ত মরদেহ ডুবন্ত অবস্থায় পাই। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। বিএসএফ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত নই। তবে কীভাবে বাবার মৃত্যু হলো, সেই রহস্যের সুষ্ঠু তদন্ত ও উদ্ঘাটন চাই।
রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, খবর পেয়ে শনিবার সকালে বিজিবির সহযোগিতায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর স্থানটি বেশ সরু এবং সেখানে কংক্রিটের ব্লক রয়েছে। নিহতের ছেলে এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
সাবেক এই বিডিআর সদস্যের মৃত্যু দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে সীমান্তবর্তী এলাকায় রহস্য ও উদ্বেগ তৈরি হয়েছে। ময়নাতদন্ত এবং তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
ডেল্টা টাইমস/সিআর/এমই