জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয় অনুদান দাও

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

সারাদেশ

জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও। জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনকে তরান্বিত করে। কাজেই জীবাশ্ম জ্বালানি বন্ধ

2026-11-14T12:23:29+06:00
2026-11-14T12:24:32+06:00
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয় অনুদান দাও
আলী আজীম, মোংলা (বাগেরহাট):
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ১২:২৪ পিএম  (ভিজিট : ১)

জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও। জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনকে তরান্বিত করে। কাজেই জীবাশ্ম জ্বালানি বন্ধ করো। এখনই শতভাগ নবায়নযাগ্য জ্বালানি চাই। জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশ সবচেয়ে কম অবদান রেখেও ভয়াবহ ক্ষতিকর প্রভাবের শিকার। জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী কোম্পানীগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। 

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে বৈশ্বিক সংহতি কর্মসুচির সাইকেল র‌্যালি, মানববন্ধন ও সমাবেশে বক্তারা একথা বলেন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উদয়ন যুব সংঘ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ'র আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়।

বৈশ্বিক সংহতি প্রকাশের কর্মসুচির সাইকেল র‌্যালি, মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন ধরা'র কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। 

সমাবেশে বক্তৃতা করেন ধরা'র নেত্রী কমলা সরকার, উদয়ন যুবসংঘের জানে আলম বাবু, ওয়াটারকিপার্স বাংলাদেশ'র মেহেদী হাসান, ক্লাইমেট এ্যাশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, পশুর রিভার ওয়াটারকিপার সংগঠক অসীমা মন্ডল, বৃষ্টি সরকার প্রমূখ। 

সমাবেশে সভাপতির বক্তব্যে ধরা'র কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য তথাকথিত উন্নত বিশ্বকে ঋণের পরিবর্তে অনুদান প্রদান করতে হবে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা, অভিযোজন এবং জলবায়ু সংকট সমাধানে অর্থায়ন নিশ্চিত করতে হবে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ সকল জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ন্যায্য রূপান্তর ঘটাতে হবে।

ধরা'র নেত্রী কমলা সরকার বলেন, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ২০৫০ সালের মধ্যে প্রকৃত শুন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে।

ওয়াটারকিপার্স বাংলাদেশ'র মেহেদী হাসান বলেন, পরিবেশবিধ্বংসী বৃহৎ শিল্পভিত্তিক কৃষি এবং ভূমি, পানি ও বীজের ওপর কর্পোরেট একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। স্থানীয় বীজ, ঐতিহ্যগত ও আদিবাসী জ্ঞান, পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদন এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। 

সমাবেশে উদয়ন যুবসংঘের জানে আলম বাবু বলেন, জলবায়ুর অভিঘাত হতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে হবে। নদী, সমুদ্র, বন, ভূমি, মাটি, প্রাণী ও জীববৈচিত্রের অধিকার নিশ্চিত করতে হবে এবং ব্যাপক পরিবেশ ধ্বংসকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে হবে। 

উল্লেখ্য তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ—৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী "গ্লোবাল ডে অব এ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস" শীর্ষক বৈশ্বিক সংহতি কর্মসুচির অংশ হিসেবে মোংলাতে এ সাইকেল র‌্যালি, মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়। এ বৈশ্বিক সংহতি কর্মসুচিতে জলবায়ু উদ্বাস্তু, জেলে, বনজীবী ও নদী ভাঙনকবলিত মানুষজন অংশগ্রহণ করেন।

ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ