নতুন রূপে ফিরছে শহীদ চাঁন্দু স্টেডিয়াম, হবে আন্তর্জাতিক ম্যাচ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম (ভিজিট : ৬)

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংস্কারে হাইব্রিড মডেল অনুসরণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আওতায় স্টেডিয়ামের কিছু কাঠামো সংস্কার এবং বাকি অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। সংস্কার শেষে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফেরানোর পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি স্টেডিয়াম ও সংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্ক পরিদর্শন করেন বিসিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী সানভি সংস্কার পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের জানান।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, স্টেডিয়ামের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য কনসালটেন্ট ফার্ম নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে সমন্বয় করে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হবে।
তিনি জানান, সংস্কারের আর্থিক বিষয়টি দেখভাল করছে এনএসসি। ড্রয়িং ও ডিজাইন চূড়ান্ত হওয়ার পর প্রকল্পের সম্ভাব্য ব্যয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আন্তর্জাতিক মানের ভেন্যু গড়ে তুলতে স্টেডিয়ামের পাশের ওয়ান্ডারল্যান্ড পার্কে অনুশীলনের সুযোগ-সুবিধাও উন্নত করা হবে।
বিসিবির পরিচালক আসিফ সিরাজ রব্বানী সানভি বলেন, শহীদ চাঁন্দু স্টেডিয়ামটি দীর্ঘদিন অবহেলা ও অব্যবস্থাপনার শিকার হয়েছে। এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গাইডলাইন অনুসরণ করে স্টেডিয়ামটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পুরোনো স্টেডিয়াম পুরোপুরি ভেঙে নতুন করে নির্মাণ করতে দীর্ঘ সময় লাগবে। এ কারণে হাইব্রিড মডেলে সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে কিছু কাঠামো রেট্রোফিটিংয়ের মাধ্যমে সংস্কার করা হবে এবং বাকি অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।
সানভি আরও জানান, কনসালটেন্টদের নকশা ও ড্রয়িং তৈরির জন্য দুই মাস সময় দেওয়া হবে। এরপর ডিপিপি প্রস্তুত ও অনুমোদন শেষে দরপত্র আহ্বান এবং ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে মাঠপর্যায়ে নির্মাণকাজ শুরুর আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে এনএসসি ও বিসিবির যৌথ কমিটি সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ডেল্টা টাইমস/সিআর/এমই