বলিউডে ফের আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক, নিরাপত্তা বাড়াচ্ছেন তারকারা

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের তারকাদের লক্ষ্য করে একের পর এক গুলিবর্ষণ ও চাঁদা দাবির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বলিউডে।

2026-11-13T09:49:43+06:00
2026-11-13T09:49:43+06:00
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বলিউডে ফের আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক, নিরাপত্তা বাড়াচ্ছেন তারকারা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ এএম   (ভিজিট : ০)

মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের তারকাদের লক্ষ্য করে একের পর এক গুলিবর্ষণ ও চাঁদা দাবির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বলিউডে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় ব্যক্তিগত দেহরক্ষী নিয়োগ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করছেন তারকারা। এতে নব্বইয়ের দশকে চলচ্চিত্রশিল্পে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ও নিয়ন্ত্রণের সেই পুরোনো দিনগুলোর স্মৃতি ফিরে আসছে।

একসময় কয়েকটি অপরাধী চক্রের প্রভাব ছিল হাজারও কোটি ডলারের এই চলচ্চিত্র ব্যবসায়। তবে পুলিশের ধারাবাহিক অভিযানে কয়েক দশক আগে তাদের তৎপরতা অনেকটাই দুর্বল হয়ে পড়ে।

সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোর সঙ্গে পুলিশ লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে। দণ্ডিত এই ভারতীয় গ্যাংস্টারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা অভিযোগ করেছেন, কারাগারে থেকেও তিনি আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক পরিচালনা করছেন।

অভিনেতা ও নিরাপত্তা সংস্থা পরিচালনাকারী রনিত রায় বলেন, তারকারা এখন দুই পাশে দেহরক্ষী নিয়ে চলাফেরা করছেন। তিনি জানান, নিরাপত্তাসেবা নেওয়ার চাহিদা অনেক বেড়েছে। আগে যেখানে মূলত প্রধান অভিনেতাদের জন্য নিরাপত্তার অনুরোধ আসত, এখন তাদের পরিবারের সদস্য ও সন্তানদের জন্যও নিরাপত্তা চাওয়া হচ্ছে।

সাবেক অনুসন্ধানী সাংবাদিক ও লেখক এস হুসেন জায়েদির মতে, প্রতিষ্ঠিত গ্যাংস্টারদের কুখ্যাতিকে কাজে লাগাচ্ছে সুযোগসন্ধানী অপরাধীরা। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, কিছু দুঃসাহসী অপরাধী শিল্পজগতে ভয় ছড়াতে এবং আতঙ্ক তৈরি করতে ফাঁকা গুলি ছুড়ছে। তার ভাষ্য, এতে তারা সফলও হয়েছে। কারণ, মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে নব্বইয়ের দশকের মাফিয়াদের নিয়ন্ত্রিত যুগ আবার ফিরে এসেছে।

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে রয়েছে গত অক্টোবরে মুম্বাইয়ে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ এবং অভিনেতা তুষার কাপুরের কাছে ৬ লাখ ডলার চাঁদা দাবির অভিযোগ।

অক্টোবরের ওই গুলিবর্ষণের ঘটনায় সংগঠিত অপরাধবিরোধী আইনে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, চাঁদা আদায়, গ্যাংয়ের আধিপত্য প্রতিষ্ঠা ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়েছিল। এছাড়া আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি চালানোর তথ্যও পেয়েছে পুলিশ।

গুলিবর্ষণের ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের কথিত সদস্য অনিল পণ্ডিতকে খুঁজছে পুলিশ।

বলিউডের অন্ধকার সময়ের স্মৃতি

শিল্পজুড়ে ছড়িয়ে পড়া উদ্বেগ এখন প্রকাশ্যেও দেখা যাচ্ছে। সম্প্রতি মুম্বাইয়ে নিজের বাড়ির বাইরে নিয়মিত রোববারের উপস্থিতিতে ভক্তদের সঙ্গে দেখা দেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। তবে এবার তাকে দেখা যায় বুলেটপ্রুফ নিরাপত্তাবেষ্টনীর আড়াল থেকে। অভিনেতা শাহরুখ খানের জন্মদিন উপলক্ষেও তার বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

তবে লেখক জায়েদির মতে, নব্বইয়ের দশকের প্রভাবশালী গ্যাংস্টারদের বেশির ভাগই এখন মৃত, কারাবন্দি অথবা নিষ্ক্রিয়। তিনি বলেন, এখন একমাত্র যে গ্যাংস্টারের নাম শোনা যায়, তিনি লরেন্স বিষ্ণোই। তিনিও কারাগারে আছেন। তাই মুম্বাইভিত্তিক কোনো স্থানীয় গ্যাংস্টারের শহর নিয়ন্ত্রণ করার সুযোগ নেই।

নব্বইয়ের দশকের শেষভাগ ও ২০০০-এর দশকের শুরুর সময়কে বলিউডের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। তখন অপরাধী চক্রগুলো হুমকি, চাঁদাবাজি ও সহিংসতার মাধ্যমে চলচ্চিত্রের অর্থায়ন, অভিনয়শিল্পী নির্বাচন এবং পরিবেশনার ওপর প্রভাব বিস্তার করত।

এসব চক্রের মধ্যে ছিল দাউদ ইব্রাহিম ও তার সাবেক সহযোগী ও পরে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ছোট রাজন। দাউদ জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা একজন পলাতক ব্যক্তি। ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই হামলায় ২৫৭ জন নিহত হন। ছোট রাজন বর্তমানে ভারতে কারাবন্দি।

তখন চলচ্চিত্র প্রযোজকদের কাছ থেকে নিরাপত্তার নামে অর্থ আদায় করা হতো। অনেককে ব্যবসায়িক স্বার্থ ছেড়ে দিতে কিংবা গ্যাংস্টারদের দাবি মেনে নিতে চাপ দেওয়া হতো।

১৯৯৯ সালে সংগঠিত অপরাধ দমনে আইন প্রণয়নসহ পুলিশের অভিযান জোরদার হওয়ার পর আন্ডারওয়ার্ল্ডের প্রভাব কমতে থাকে। পাশাপাশি চলচ্চিত্রে করপোরেট অর্থায়ন বাড়ায় অপরাধী চক্রগুলোর নিয়ন্ত্রণ আরও দুর্বল হয়ে পড়ে।

‘আগে চাঁদা চাইত, এখন বলছে মেরে ফেলবে’


নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের হুমকির শিকার হয়েছিলেন পরিচালক রাজীব রায়। ‘গুপ্ত’ সিনেমার এই পরিচালক তখন চাঁদা দাবির পাশাপাশি প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন। একপর্যায়ে ভারত ছেড়ে যুক্তরাজ্যে চলে যান তিনি।

এএফপিকে রাজীব রায় বলেন, নব্বইয়ের দশকে আমিই ছিলাম ভুক্তভোগী, এটা সবাই জানে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো দেখে তিনি মনে করছেন, অপরাধীদের উদ্দেশ্য এখন আগের তুলনায় বোঝা কঠিন।

বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। হরিণটি বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্র। হিন্দু এই সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে বন্য প্রাণী সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, গ্যাংয়ের সদস্যরা মুম্বাইয়ে সালমান খানের বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। ২০২৪ সালে চলচ্চিত্রজগতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা প্রভাবশালী রাজনীতিক বাবা সিদ্দিক হত্যাকাণ্ডেও তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

অক্টোবরে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও অডিও বার্তা ছড়িয়ে পড়ে। এগুলো বিষ্ণোই গ্যাংয়ের এক সহযোগীর বলে দাবি করা হয়। ওই বার্তায় হামলার দায় স্বীকারের পাশাপাশি সালমান খানের সঙ্গে শ্রফের ঘনিষ্ঠতার বিষয়টি উল্লেখ করা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

রাজীব রায় বলেন, নব্বইয়ের দশকে আমরা তাদের উদ্দেশ্য জানতাম- মুক্তিপণ বা চাঁদার টাকা আদায়। এখন ফোন করে বলছে, তুমি যদি সালমানের বন্ধু হও, তাহলে তোমাকে মেরে ফেলব। এখন তাদের উদ্দেশ্যটা কী?

অপরাধবিষয়ক সাংবাদিক আহমেদ আলীর ধারণা, সাম্প্রতিক অনেক হুমকিই হয়তো ভুয়া ফোনকল। তার ভাষায়, বিষ্ণোই যে পরিস্থিতি তৈরি করেছেন, কিছু মানুষ সেটিকে কাজে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে।

প্রযোজক বনি কাপুর অবশ্য মনে করেন, সাম্প্রতিক সহিংসতার এই ঢেউ বেশিদিন স্থায়ী হবে না। ১৯৯৭ সালে সালমান খান অভিনীত ‘জুড়ওয়া’ সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্ব নিয়ে বিরোধের জেরে আন্ডারওয়ার্ল্ডের লোকজন একসময় তাকে লক্ষ্যবস্তু করেছিল।

বনি কাপুর বলেন, আমি এখন ওই ধরনের ভয় অনুভব করি না। তবে সতর্ক থাকতে হবে। এসব গুলিবর্ষণের ঘটনা উপেক্ষা করার সুযোগ নেই। - সূত্র: এএফপি


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ