হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসিত করার একটি প্রচেষ্টা আটকে দিয়েছেন। এর মাধ্যমে আগামী

2026-11-11T11:00:05+06:00
2026-11-11T11:00:05+06:00
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ০)

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসিত করার একটি প্রচেষ্টা আটকে দিয়েছেন। এর মাধ্যমে আগামী বছর ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগে পেন্টাগন প্রধানের জন্য কিছুটা স্বস্তি নিশ্চিত হয়েছে।

রয়টার্স লিখেছে, একটি কার্যপ্রণালী সংক্রান্ত প্রস্তাবের ওপর এই ভোটটি অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টা আগে হেগসেথ তার অভিশংসনের প্রচেষ্টোকে একটি ‘প্রহসন’ বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রধান হিসেবে তার নিজের কাজের পক্ষে একটি চ্যালেঞ্জিং ও জোরালো সাফাই পেশ করেছিলেন যা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশংসাও পেয়েছে।

প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে যুদ্ধ পরিচালনা, কথিত মাদকবাহী নৌযানে প্রাণঘাতী হামলা এবং সংবিধান লঙ্ঘনসহ আটটি অভিযোগ আনা হয়েছে। প্রতিনিধি পরিষদ ২১১ বনাম ২০৪ ভোটে অভিশংসনের এই আটটি ধারা রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস জুডিশিয়ারি কমিটির কাছে পাঠানোর একটি প্রস্তাব অনুমোদন করেছে। এতে মূলত অভিশংসনের এই প্রচেষ্টাটিকে আপাতত ধামাচাপা দেওয়া হল।

অভিশংসন প্রক্রিয়ার উদ্যোক্তা, কেন্টাকির ভিন্নমতালম্বী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি সতর্ক করে বলেছেন যে, এই পদক্ষেপটি পুরো প্রক্রিয়াটিকে ভেস্তে দেবে।

কেন্টাকির এই বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি আশা করেছিলেন, তিনি হেগসেথের নীতিমালার ওপর ক্ষুব্ধ এবং চরম অজনপ্রিয় ইরান যুদ্ধ নিয়ে সতর্ক থাকা রিপাবলিকানদের ভোট নিজের পক্ষে টানতে পারবেন, কিন্তু অন্য কোনো রিপাবলিকান সদস্য তার সঙ্গে যোগ দেননি। ডেমোক্র্যাটরা অভিশংসনের এই প্রচেষ্টার প্রতি ব্যাপক সমর্থন জানালেও তাদের ১১ জন প্রতিনিধি ভোট দেওয়ার সময় অনুপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ভোটের ফলাফলকে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করেছেন। পোস্টে তিনি বলেছেন, “হেগসেথকে অভিশংসন করার এই প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে!"

এই অভিশংসনের ঘটনাটি যে ট্রাম্প এবং হেগসেথকে আরও কাছাকাছি নিয়ে এসেছে, তার ইঙ্গিত দিয়ে ট্রাম্প আরও যোগ করেন, ইরান, ভেনিজুয়েলা ও অন্যান্য ইস্যুতে ‘হেগসেথের অনন্য অবদান একজন মহান আমেরিকান দেশপ্রেমিকের সম্পূর্ণ দোষমুক্তি এনে দিয়েছে’।

অভিশংসিত হলে হেগসেথ হতেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম অভিশংসিত প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন সামরিক বাহিনীর কোনো বেসামরিক নেতাকে সর্বশেষ ১৮৭৬ সালে অভিশংসন করা হয়েছিল, যখন উইলিয়াম বেলকন্যাপ ‘যুদ্ধমন্ত্রী’ পদে ছিলেন।

হেগসেথ নিজেকে ‘যুদ্ধমন্ত্রী" বলে ডাকেন, যা মূলত মার্কিন সামরিক বাহিনীকে নতুনভাবে ব্র্যান্ডিং করার একটি প্রচেষ্টার অংশ। কারণ তার মতে, গত বছর তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন সামরিক বাহিনী অত্যন্ত দুর্বল এবং অতি-উদারপন্থী রাজনৈতিক ভাবাদর্শে আচ্ছন্ন ছিল। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করতে পারবেন না।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ