প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম (ভিজিট : ১৫)

কোম্পানির বাইরে ও ভেতরে পৃথক দু’টি পরকীয়া কেলেঙ্কারি ফাঁসের ঘটনায় নির্বাহীপ্রধান জেনসেন হুয়াংকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ প্রস্তুতকারী সংস্থা এনডিভিয়ার পরিচালনা পর্ষদ। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তুতিও শুরু হয়েছে।
কোম্পানি সূত্রের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুয়াংয়ের ভবিষ্যৎ নির্ধারণের জন্য এনডিভিয়ার পরিচালনা পর্ষদ বুধবারই বৈঠকে বসতে পারে।
জেনসেন হুয়াং এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি এটিকে গড়ে তুলেছেন। বর্তমানে প্রায় ৪ ট্রিলিয়ন (চার লাখ কোটি) ডলার মূল্যের এই কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহের ক্ষেত্রে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে—যা বৈশ্বিক এআই বিপ্লব এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে বলা হয়, এনডিভিয়ার অংশীদার ও সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি মেগাস্পিডের অন্যতম নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহ-বহির্ভূত প্রেমের সম্পর্কে জড়িয়েছেন জেনসেন হুয়াং। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের অভিযোগ, অ্যালিস প্রকৃতপক্ষে চীনা গুপ্তচর ছিলেন এবং জেনসেনের সঙ্গে প্রেমের সম্পর্ককে ব্যবহারের মাধ্যমে এনভিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন যাতে তাদের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপগুলো চীনের জন্য আরও সহজলভ্য করা যায়। বেইজিং এই গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং একে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
এই ঘটনা নিয়ে যখন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে, সে সময়েই জেনসেনের আরও একটি পরকীয়া সম্পর্কের ঘটনা ফাঁস হয়। গতকাল (বুধবার) এক প্রতিবেদনে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, চলতি বছর এনভিডিয়ার স্বাস্থ্যসেবা (হেলথকেয়ার) বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গেও পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন হুয়াং। কোম্পানির পদক্রম অনুসারে কিম্বার্লি সরাসরি জেনেসেনের অধীনে কাজ করেন।
এই সম্পর্কের খবরটি এনভিডিয়ার কর্মপরিবেশ সংক্রান্ত নীতিমালা নিয়েও প্রশ্ন তুলেছে। কোম্পানির আচরণবিধিতে কর্মীদের এমন পরিস্থিতি এড়িয়ে চলতে বলা হয়েছে, যা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি করতে পারে। এই স্বার্থের সংঘাতে ব্যক্তিগত সম্পর্কও অন্তর্ভুক্ত রয়েছে।
বুধবার কিম্বার্লি পাওয়েলের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশিত হওয়ার পর এনডিভিয়ার শেয়ারের দর লেনদেন শেষ হওয়ার পরবর্তী সময়ে (আফটার-আওয়ার্স ট্রেডিং) প্রায় ৮ শতাংশ কমে গেছে।
এছাড়া অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক ফাঁস এবং পরিচালনা পর্ষদ তদন্তের ঘোষণা দেওয়ার পর থেকে এই সপ্তাহে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।
মার্কিন বিনিয়োগ কোম্পানি ডি.এ. ডেভিডসনের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান গিল লুরিয়া বলেন, “হুয়াংকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া এনভিডিয়ার জন্য কঠিন হতে পারে, কারণ তাদের কোনো উত্তরসূরি পরিকল্পনা (সাকসেশন প্ল্যান) নেই। তবে হুয়াং যদি আইন ভঙ্গ করে থাকেন বা কোম্পানির নীতিমালা লঙ্ঘন করে থাকেন, তবে প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিচালনা পর্ষদ ব্যবস্থা নেবে বলে মনে হচ্ছে।”
গত ৯ অক্টোবর অ্যালিসের সঙ্গে জেনসেনের সম্পর্ক ফাঁসের পরপরই ঘটনার তদন্ত শুরু করেছিল এনডিভিয়ার পরিচালনা পর্ষদ। তদন্তের মূল উদ্দেশ্য ছিল কোম্পনির নির্বাহীপ্রধান কোনো বিদেশি গোয়েন্দা কার্যক্রমের লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা। এই তদন্তটি পরিচালনা করছেন স্বতন্ত্র পরিচালকরা, যাঁদের সহায়তা করছেন বাইরের আইনি পরামর্শদাতারা। সেই সময়ে বোর্ড জেনসেনের ওপর আস্থা প্রকাশ করেছিল।
তবে কিম্বার্লি পাওয়েলের সঙ্গে তার পরকীয়া সম্পর্কের খবর ফাঁসের পর দৃশ্যপট বদলে গিয়েছে।
বুধবার ফোনে যোগাযোগ করা হলে কিম্বার্লি পাওয়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয় জেনসেন হুয়াংকে। জবাবে তিনি বলেন, “আমার মনে হয় না আপনাদের সরাসরি আমার সঙ্গে কথা বলা উচিত।” তারপরেই তিনি ফোন কেটে দেন বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।
১৯৯৩ সালে কার্টিস প্রিম ও ক্রিস মালাচোস্কির সঙ্গে মিলে হুয়াং এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। শুরুতে কোম্পানিটির জনপ্রিয় পণ্য ছিল কম্পিউটার গেমের জন্য তৈরি গ্রাফিক্স চিপ। পরবর্তীতে তাদের নিজেদের তৈরি 'কুডা' সফটওয়্যার গ্রাফিক্স প্রসেসরগুলোকে সাধারণ কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারের উপযোগী করে তোলে। - সূত্র : রয়টার্স
ডেল্টা টাইমস/সিআর/এমই