১০ বছরের অপেক্ষা, সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

দীর্ঘ ১০ বছর পর ফিরছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনায় নির্মিত মারাঠি সিনেমা ‘ভেন্টিলেটর’। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটির সিক্যুয়েল

2026-11-07T17:42:17+06:00
2026-11-07T17:42:17+06:00
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

১০ বছরের অপেক্ষা, সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ০)

দীর্ঘ ১০ বছর পর ফিরছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনায় নির্মিত মারাঠি সিনেমা ‘ভেন্টিলেটর’। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটির সিক্যুয়েল ‘ভেন্টিলেটর ২’ নির্মাণের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রথম পর্বের মতো নতুন সিনেমাটিও নির্মিত হবে প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্সের ব্যানারে। লেখক ও পরিচালক হিসেবে ফিরছেন রাজেশ মাপুসকর।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়ে প্রিয়াঙ্কা ফিরে দেখেছেন তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলার শুরুর দিকের কথা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘১০ বছর আগে পার্পল পেবল পিকচার্সের মাধ্যমে আমি এমন কিছু গল্প বলতে চেয়েছিলাম, যেগুলোর বিশেষ অর্থ রয়েছে। “ভেন্টিলেটর” আমাদের প্রতিষ্ঠানের জন্য তেমনই গুরুত্বপূর্ণ একটি গল্প। এক দশক পর আমরা আরও অনেক কিছু নিয়ে সেই গল্পে ফিরছি।’

তবে সিক্যুয়েলের গল্প কিংবা এতে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ভেন্টিলেটর’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে পুরস্কার পেয়েছিল। সেরা পরিচালক হিসেবে পুরস্কার পান রাজেশ মাপুসকর। এ ছাড়া সেরা সম্পাদনা ও সেরা শব্দ মিশ্রণ বিভাগেও পুরস্কার জেতে সিনেমাটি।

‘ভেন্টিলেটর’-এর গল্প আবর্তিত হয়েছে কামারকর পরিবারের সদস্যদের ঘিরে। গণেশ চতুর্থীর আগে পরিবারের এক বয়স্ক সদস্যকে হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হলে স্বজনেরা সেখানে জড়ো হন। অসুস্থ স্বজনকে ঘিরে উদ্বেগের পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে পুরোনো বিরোধ, মতপার্থক্য এবং প্রজন্মের ব্যবধানও উঠে আসে সিনেমাটিতে।

প্রথম পর্ব মুক্তির পর মারাঠি ভাষায় সিনেমাটি প্রযোজনার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছিলেন প্রিয়াঙ্কা। স্ক্রলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, চিত্রনাট্য পছন্দ হলেও অনেকেই সিনেমাটি প্রযোজনা করতে আগ্রহী ছিলেন না। কেউ কেউ তাঁকে মারাঠি ভাষায় সিনেমা নির্মাণ থেকে নিরুৎসাহিত করেছিলেন। কারণ, তাঁর প্রযোজিত প্রথম সিনেমা ‘ফেরারি কি সওয়ারি’ ছিল হিন্দি ভাষার।

প্রিয়াঙ্কা জানান তিনি নিশ্চিত ছিলেন সিনেমাটি হিন্দিতে নির্মাণ করতে চান না। তার মতে, মারাঠি ভাষায় সিনেমা নির্মাণের অর্থনৈতিক যুক্তিও রয়েছে। এই ভাষায় ভালো চিত্রনাট্য গ্রহণ করা হয় এবং তুলনামূলক কম সময়ে সিনেমার কাজ শেষ করা সম্ভব।

প্রথম ‘ভেন্টিলেটর’ সিনেমায় বিশেষ উপস্থিতিতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আশুতোষ গোয়ারিকর, জিতেন্দ্র যোশি, সুলভা আর্য, বিজু খোটে, সতীশ আলেকর ও অচ্যুত পোটদার।








  এই ক্যাটেগরির আরো সংবাদ