যা খুশি বলো, চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমি নারীর পক্ষেই থাকব: প্রভা

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার অতীতের

2026-11-07T11:54:51+06:00
2026-11-07T11:54:51+06:00
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

যা খুশি বলো, চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমি নারীর পক্ষেই থাকব: প্রভা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম   (ভিজিট : ০)
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি- ফেসবুক।

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি- ফেসবুক।

অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা টেনে অনেকে তাকে কটাক্ষ করছেন। এবার এসব সমালোচনার জবাব দিয়েছেন প্রভা। জানিয়েছেন, মানুষের অপমান বা কটূক্তি তার নীতিতে পরিবর্তন আনতে পারবে না। যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে তিনি কথা বলবেন। 

শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা লিখেছেন, ‘আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।’

একজন নারীর সব কাজের সঙ্গে একমত না হলেও তাকে অসম্মান বা হয়রানি করার অধিকার কারও নেই বলে মনে করেন প্রভা। লিখেছেন, ‘একজন নারীর প্রতিটি কাজের সঙ্গে আমি একমত নাও হতে পারি। তার অসদাচরণ বা মানুষকে গালিগালাজ করা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তার আচরণ আমি সমর্থন করি না। কিন্তু তাই বলে তাকে অসম্মান, হয়রানি করা কিংবা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই। তার পছন্দ ও চরিত্রের বিচার তার এবং সর্বশক্তিমানের মধ্যে। তার মর্যাদা নিয়ে বিতর্কের সুযোগ নেই।’

প্রভা আরও স্পষ্ট করেছেন, কোনো নারীর পাশে দাঁড়ানো মানে তার সব কাজকে অন্ধভাবে সমর্থন করা নয়। বরং অসম্মান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়াই এর উদ্দেশ্য।

পরীমনির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমার উপলব্ধি হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। সেই পরিস্থিতিতে তাকে যা সহ্য করতে হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে সহমর্মিতা অনুভব করি।’

নিজের অতীতের একটি ঘটনা টেনে যারা তাকে কটাক্ষ করছেন, তাদের উদ্দেশেও জবাব দিয়েছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘যারা এমন একটি ঘটনার জন্য আমাকে লজ্জিত করতে চাইছেন, যে ঘটনার জন্য আমি কখনোই দায়ী ছিলাম না—আপনাদের অভিযোগ আমাকে অপরাধী করে না। আপনাদের বিচার আমার পরিচয় নির্ধারণ করে না।’

পোস্টের শেষাংশে প্রভা লিখেছেন, একজন নারীর পাশে দাঁড়িয়ে অপমানিত হওয়াকেই তিনি বেশি গ্রহণযোগ্য মনে করেন। এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নীরব থাকতে চান না, যারা মনে করেন একজন নারীর মর্যাদা নির্ধারণের অধিকার তাদের রয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি। পরে এক ভিডিও বার্তায় পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন প্রভা। তবে তার সেই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে অনেকেই সমালোচনা করেন। এবার সেই সমালোচনার জবাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ