প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম (ভিজিট : ১১)

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। গতকাল (শুক্রবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে লাল বলের ক্রিকেটকে বিদায় জানান তিনি।
ভারতীয় দলের হয়ে ৬৪ টেস্টে ২২৯ উইকেট শিকার করেছেন তিনি ২৭.৭১ গড়ে। পাঁচ নিয়েছেন ফাইফার। ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবারের মতো মাঠে নেমেছিলেন ভারতের হয়ে এই সংস্করণে।
অবসরের ঘোষণায় দেওয়া পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদ শামি লিখেছেন, ‘আজ ভারাক্রান্ত হৃদয়ে এবং অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। এই যাত্রায় পাশে থাকা প্রত্যেক সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং কোটি কোটি ভারতীয়কে ধন্যবাদ। ভালো ও কঠিন সময়ে যারা আমাকে সমর্থন করেছেন এবং আমার ওপর বিশ্বাস রেখেছেন।’
অদ্ভুতভাবে শামির টেস্টের অভিষেক ও অবসরের দিনটি মিলে গেছে। ১৩ বছর আগে ২০১৩ সালের ৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল তার। প্রথম ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে ১১৮ রানে ৯ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দেন। পুরো ক্যারিয়ারে সেটিই ছিল এক ম্যাচে তাঁর সেরা বোলিং।
উপমহাদেশের কন্ডিশনে রিভার্স সুইংয়ে বিশেষ দক্ষতার জন্য পরিচিত শামি বিদেশের মাটিতেও ভারতের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। তার ছয়টি পাঁচ উইকেটের চারটিই এসেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে।
একধিকবার চোটে পড়লেও প্রতিবারই দারুণভাবে প্রত্যাবর্তন করেছেন শামি। ২০২৩ সালের ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর গোড়ালিতে অস্ত্রোপচার করান তিনি। পরে হাঁটুর সমস্যাও তাকে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে রাখে।
২০২৫ সালের জানুয়ারিতে দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি সংস্করণে প্রত্যাবর্তন করেন তিনি। এরপর জায়গা পান চ্যাম্পিয়নস ট্রফির দলেও। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের পর থেকে ভারতের হয়ে আর কোনো সংস্করণে খেলেননি তিনি। যদিও আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। চলতি ঘরোয়া মৌসুমে বাংলার হয়ে ইতিমধ্যে তিনটি রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছেন। জায়গা পেয়েছেন সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টের দলেও।
অবসরের ঘোষণায় টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসার কথাও জানিয়েছেন এই পেসার। শামি লেখেন, ‘সাদা পোশাককে বিদায় জানাচ্ছি, তবে এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে নয়। প্রথমবার ভারতের টেস্ট জার্সি গায়ে তোলার সময় আমার একটাই স্বপ্ন ছিল, দেশের জন্য কিছু অর্জন করা। এরপর প্রতিটি উইকেট, প্রতিটি সংগ্রাম, প্রতিটি চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে কিছু না কিছু শিখিয়েছে। টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটি সংস্করণ নয়, এটি আমার জীবনের বিশেষ একটি অংশ।’
তিনি আরও লেখেন, ‘টেস্ট ক্রিকেটে শেষ বলটি করে ফেললেও ভারতের হয়ে খেলার গর্ব আমি সব সময় হৃদয়ে ধারণ করবো। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট।’ ২২৯ উইকেট নিয়ে ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১২ নম্বরে থেকে ক্যারিয়ার শেষ করলেন শামি। পেসারদের মধ্যে তার অবস্থান ষষ্ঠ।
ডেল্টা টাইমস/সিআর/এমই