রাগ-ক্ষোভে নয়, রাষ্ট্র চলে যৌক্তিকতায়: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

রাষ্ট্র কখনো রাগ বা ক্ষোভের ভিত্তিতে চলতে পারে না, চলে যৌক্তিকতার ওপর ভিত্তি করে। সময়ের প্রয়োজনে মানুষের আকাঙ্ক্ষাকে

2026-11-04T19:51:41+06:00
2026-11-04T19:51:41+06:00
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রাগ-ক্ষোভে নয়, রাষ্ট্র চলে যৌক্তিকতায়: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাষ্ট্র কখনো রাগ বা ক্ষোভের ভিত্তিতে চলতে পারে না, চলে যৌক্তিকতার ওপর ভিত্তি করে। সময়ের প্রয়োজনে মানুষের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই সংবিধানে পরিবর্তন আসে, তবে তা সংবিধানের মৌলিক ভিত্তি বিনষ্ট করে নয়। নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ বুধবার এ কথা বলেছেন।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণফোরাম আয়োজিত 'বাংলাদেশের সংবিধান দিবস' উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ দেশের মানুষ কখনোই বাড়াবাড়ি পছন্দ করে না। যাঁরাই বাড়াবাড়ি করেছেন, জনগণ তাঁদের প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে এ দেশের মানুষ কখনো ভুল করে না উল্লেখ করে তিনি বলেন, যাঁরা সংবিধান সংশোধনের পক্ষে ছিলেন, জনগণ তাঁদেরই সমর্থন দিয়ে নির্বাচিত করেছে।

ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে কিছু সীমাবদ্ধতা থাকলেও শত প্রতিকূলতা পেরিয়ে মানুষ যে সম্প্রীতির সঙ্গে মিলেমিশে বসবাস করছে, তা বিশ্বে বিরল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন মন্ত্রী। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমুন্নত রেখে ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা কামাল হোসেন। আলোচক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য ফজলুর রহমান, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আবু সাঈদ ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভায় সভাপতিত্ব করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আইনজীবী, বুদ্ধিজীবী, সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ