রায়গঞ্জে পা হারানো অসহায় লোকমানকে হুইলচেয়ার দিল অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:২১ পিএম (ভিজিট : ০)

সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে দুর্ঘটনায় পা হারানো অসহায় লোকমান হোসেনকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা লোকমান হোসেনের হাতে এ হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
লোকমান হোসেন একজন হতদরিদ্র মানুষ। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে তাঁর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে জীবিকার সন্ধানে লেবাননে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেখানে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে ছেলেটিও মারা যান। অন্যদিকে, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। দুর্ঘটনায় পা হারানোর পর থেকে তাঁর জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমানে তিনি মানবেতর জীবনযাপন করছেন এবং সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান মো. এনামুল হক তালুকদার ও নির্বাহী পরিচালক মো. হেদায়েতুল ইসলাম হেলাল তালুকদার।
এ সময় চান্দাইকোনা ও ভূঞাগাতী শাখার ব্যবস্থাপক, সংস্থার অন্যান্য কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন লোকমান হোসেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন,এখন থেকে এই হুইলচেয়ারে চড়ে আগের মতো মসজিদে ও বাজারে যেতে পারব। এ সহযোগিতার জন্য অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ডেল্টা টাইমস/মো. রেজাউল করিম খান/সিআর/এমই