হোমনার কৃতিসন্তান খালেকুজ্জামান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:৪৭ পিএম (ভিজিট : ০)

কুমিল্লার হোমনা উপজেলার কৃতিসন্তান এ.আর.এম. খালেকুজ্জামান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। গতকাল প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তাঁর নিয়োগের খবরে নিজ এলাকা হোমনার তেভাগিয়া গ্রামসহ পুরো উপজেলায় আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
এ.আর.এম. খালেকুজ্জামান হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের তেভাগিয়া গ্রামের সন্তান। তিনি সাবেক বিমান বাহিনীর সার্জেন্ট মরহুম এ.আর.এম. অহেদুজ্জামানের ছেলে।
তিনি রামকৃষ্ণপুর কে.কে.আর.কে. উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষিতে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
শিক্ষাজীবন শেষে সপ্তম বিসিএসের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। কর্মজীবনের শুরুতে বগুড়ায় দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর ২০১৮ সালে উপসচিব হিসেবে অবসরে যান।
কর্মজীবনে তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁর এ নিয়োগকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা। হোমনার প্রত্যন্ত গ্রামের একজন সন্তান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ পাওয়ায় গর্বিত এলাকাবাসী। তাঁদের মতে, তাঁর এ অর্জন এলাকার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এদিকে তাঁর নিয়োগে পরিবার, স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে তাঁর সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
ডেল্টা টাইমস/আল্ আমিন শাহেদ/সিআর/এমই