আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে তা পুনরায় আবুধাবিতে ফেরত নেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
পৃথক দুটি অভিযানে দুই বিমানবন্দর থেকে প্রায় মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের ডিম আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৯১ লাখ টাকা।
রোববার (১ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে ফ্লাইট থেকে অফলোড করা হয়।
নির্ধারিত সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। পরবর্তীতে কাস্টমস গোয়েন্দাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তৎপরতায় ওই যাত্রীর সহযোগিতায় ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়।
এর পাশাপাশি পৃথক আরেকটি অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আরও ৩টি স্বর্ণের ডিম আটক করেন। উদ্ধার হওয়া এই ৩টি ডিমের মোট ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাস্টমস গোয়েন্দারা জানতে পারেন, উদ্ধার হওয়া স্বর্ণের ডিমগুলো আগেই আবুধাবি থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। তবে স্থানীয় বাজারে প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় চোরাচালান চক্রটি সেগুলো পুনরায় বিদেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিল।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক স্বর্ণের প্রকৃত উৎস, এর সঙ্গে জড়িত সিন্ডিকেট ও তাদের আন্তর্জাতিক নেটওয়ার্কের তথ্য গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই