প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম (ভিজিট : ০)

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। নিখোঁজ হওয়ার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই সূত্রে জানা গেছে, তদন্তের অংশ হিসেবে তাহসিফের ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার(৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তির হোন্ডা গলি এলাকায় অভিযান চালায় পিবিআইয়ের একটি দল। এ সময় একটি দোকানের সামনে নম্বরপ্লেটবিহীন অবস্থায় পড়ে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের বলে শনাক্ত করেন দ্বীপ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ঘটনার রাতে দ্বীপ ও তাহসিফের সর্বশেষ অবস্থান টঙ্গীর মাজার বস্তি এলাকায় শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেছেন, তারা উত্তরা থেকে দুটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ওই এলাকায় যান। পরে মোটরসাইকেল রেখে তুরাগ নদের পাড়ে যাওয়ার পর তাহসিফ নিখোঁজ হন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তিনি বাসায় ফিরে যান বলে জানিয়েছেন।
অভিযানে অংশ নেওয়া পিবিআই কর্মকর্তা সাজিদ বলেন, দ্বীপের দেখানো স্থান থেকেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে তারা কেন গভীর রাতে ওই এলাকায় গিয়েছিলেন এবং সেখানে কারও সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। মরদেহ উদ্ধারের পর থেকেই তার ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
মোটরসাইকেলটি উদ্ধারের মধ্য দিয়ে তাহসিফের মৃত্যুরহস্য উদ্ঘাটনের তদন্তে নতুন সূত্র পেয়েছে পিবিআই। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো তদন্তাধীন।