স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

প্রায় ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১১০০ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি

2026-10-26T16:33:40+06:00
2026-10-26T17:00:26+06:00
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ১৩)

প্রায় ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১১০০ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।


দুদকের অভিযোগে বলা হয়, রেজাউল আলম শাহীনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া তার ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এক হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৭৩৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।


এসব হিসাবে ওই সময়ে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার ৮২৮ টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ৯১০ টাকা উত্তোলন করা হয়। দুদকের অভিযোগ, ঘুস, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টার অংশ হিসেবে শাহীন এসব সম্পদ অর্জন ও লেনদেন করেছেন।


এ ঘটনায় শাহীনের বোন সায়লা ফারজানা এবং তার স্বামী সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকেও আসামি করার সিদ্ধান্ত হয়েছে। সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব।


এছাড়া শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামেও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৫ কোটি ৩০ লাখ ২১ হাজার ৫৯ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ পেয়েছে দুদক।


দুদকের তথ্য অনুযায়ী, টুম্পার ২৭টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৩ কোটি ১০ লাখ ৫৫ হাজার ৭৮৮ টাকা জমা এবং ২৫ কোটি ৫১ লাখ ৯৮ হাজার ৫৫৫ টাকা উত্তোলন করা হয়েছে। এসব হিসাবে মোট লেনদেনের পরিমাণ ৫৮ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৩৪৩ টাকা।


দুদকের অভিযোগ, স্বামী শাহীন, তার বোন সায়লা ফারজানা ও ভগ্নিপতি মনিরুল ইসলামের ঘুস, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টার অংশ হিসেবে টুম্পার নামে সম্পদ অর্জন ও ব্যাংক লেনদেন করা হয়েছে। এ মামলায় টুম্পা, শাহীন, সায়লা ফারজানা ও মনিরুল ইসলামকে আসামি করার সিদ্ধান্ত হয়েছে।


দুই মামলাতেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারা অভিযোগ আনার সিদ্ধান্ত হয়েছে।












  এই ক্যাটেগরির আরো সংবাদ