তারো আসোর সঙ্গে টিএএস এভিয়েশনের ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম (ভিজিট : ১১)

বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা, শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ এবং বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক জাপানের সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট এবং জাপানের পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ১৫ বারের নির্বাচিত সদস্য তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আন্তরিক মতবিনিময় করেন।
৩০ অক্টোবর জাপানের জাতীয় সংসদ ভবনে তারো আসোর নিজস্ব কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় দুই দশক পর তাদের এই পুনর্মিলন ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর কার্যক্রমের সূত্রে তাদের পরিচয় তিন দশকেরও বেশি সময়ের। কে. এম. মোজিবুল হক তারো আসোকে একজন অভিজ্ঞ, দূরদর্শী ও অনুকরণীয় রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করেন এবং তরুণ প্রজন্মের জন্য তাকে অনুপ্রেরণার উৎস বলে অভিহিত করেন। দীর্ঘদিন পর তার সঙ্গে পুনরায় সাক্ষাৎ করতে পেরে তিনি গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক খোঁজখবর ও কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় কে. এম. মোজিবুল হক আগামী বছরগুলোতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণের জন্য তারো আসোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, কে. এম. মোজিবুল হক বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ডিপ্লোম্যাটিক জার্নাল-এর জন্য তারো আসোর একটি বিশেষ সাক্ষাৎকার প্রদানের অনুরোধ জানান। তারো আসো তার সময় ও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য সাপেক্ষে এ বিষয়ে নীতিগত সম্মতি জ্ঞাপন করেন। সাক্ষাৎ শেষে কে. এম. মোজিবুল হক এই স্মরণীয় পুনর্মিলন এবং আন্তরিক আতিথেয়তার জন্য তারো আসোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই