জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযান চালিয়ে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ কষ্টিপাথরের বিষ্ণুমূর্তির একটি খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানা পুলিশের বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ অভিযান পরিচালনাকারী দল ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। পরে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তির বিশাল আকৃতির একটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মূর্তির খণ্ডিত অংশটি জয়পুরহাট জেলার একটি নির্ভরযোগ্য ডিজিটাল ওজন পরিমাপক স্থানে ওজন করে ৮৫ কেজি পাওয়া যায়। বিজিবি কর্তৃপক্ষ মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করেছে ৮৫ লাখ টাকা।
এদিকে, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে প্রয়োজনীয় প্রতিবেদন ও সনদ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা/এজাহার করা হয়েছে বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডেল্টা টাইমস/সিআর/এমই