মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৫:৪৮ পিএম (ভিজিট : ২২)

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষকে ভোলানো কিংবা কথা বলে ভোট নেওয়ার জন্য বিএনপি রাজনীতি করে না। সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং শ্রেণি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকের পাশে দাঁড়ানোর জন্যই দলটি রাজনীতি করে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও তাদের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শনও এই লক্ষ্যকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এ অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার মানুষের নানা সীমাবদ্ধতা রয়েছে। দিনাজপুর জেলা শহর থেকে এ অঞ্চলের দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। এ পরিস্থিতিতে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে এবং তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, তরুণদের জাগিয়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তাদের সচেতন করাই এই চাকরি মেলার অন্যতম উদ্দেশ্য। এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও কার্যকরভাবে এ ধরনের আয়োজন করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দিনাজপুর-৬ আসনের পাশাপাশি পুরো দিনাজপুর জেলাকে দেশের সামনে আরও সম্ভাবনাময় ও সক্ষম অঞ্চল হিসেবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ সম্প্রসারণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
চাকরি মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে ২৪ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন। মেলা বিকাল ৫টা পর্যন্ত চলবে। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।