সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:১৩ এএম (ভিজিট : ১৬)

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডে লরির ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ছয়জন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার রয়্যাল সিমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ত্রুটি মেরামতের সময় বাসের যাত্রীরা নিচে নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির লরি দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফায়ারফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাঁড়িয়ে থাকা যাত্রীদের লরি চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং বাকি দুজনকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ চলছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই