পুলিশ শক্তিশালী না হলে দিনে-রাতে নিরাপদে চলা যাবে না: আইজিপি

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক

2026-10-25T18:28:13+06:00
2026-10-25T18:28:13+06:00
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

পুলিশ শক্তিশালী না হলে দিনে-রাতে নিরাপদে চলা যাবে না: আইজিপি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশকে শক্তিশালী করা না গেলে সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে না।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট পুলিশ লাইন্স মিলনায়তনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘বিগত ১৭ বছর সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করে দেশের পাড়ায় পাড়ায় মাদকের আখড়া তৈরি করা হয়েছে। এটা কে নির্মূল করবে? দেশে পুলিশের সংখ্যা মাত্র দুই লাখ ১৫ হাজার। আমরা এ বছর ২০ হাজার লোক নিয়োগ দেব। কিন্তু একসঙ্গে ২০ হাজার লোককে প্রশিক্ষণ দেওয়ার মতো জায়গা আমাদের নেই। এখন নতুন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে। একটি দেশের উন্নয়নের কোনো শর্টকাট নেই। আপনারা সবাই মিলে সরকারকে সহযোগিতা না করলে দেশ এগোবে না। দেশের শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সবাইকে মিলে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত থাকবে। ‘আপনারা জানেন কার ছেলে কী করে। তাই আপনাদের তথ্যের মাধ্যমেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমবে।’ সাইবার অপরাধ প্রতিরোধে দক্ষ সাইবার ইউনিট গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ইউনিট গুজব ও মব প্রতিরোধে কাজ করবে।

দেশে তরুণদের অপরাধে জড়ানোর কারণ হিসেবে বেকারত্বকে দায়ী করে আলী হোসেন ফকির বলেন, ‘প্রতিবছর দেশে ২৭ লাখ বেকার যোগ হচ্ছে।’ মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘গত দুই মাসে আমি ২৭ জন পুলিশ সদস্যকে মাদকের কারণে জেলে পাঠিয়েছি। আগে ঘর পরিষ্কার হোক, তারপর আপনারা পরিষ্কার হবেন।’ তবে মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান পুলিশপ্রধান।

সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তার, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা প্রদীপ বসু শান্তু।

এ ছাড়া সমাবেশে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ