অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে

2026-10-21T18:13:09+06:00
2026-10-21T18:13:09+06:00
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:১৩ পিএম   (ভিজিট : ১১)

বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ২১ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্টের তৃতীয় আসর। ১৬টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে মোট ৪১টি ম্যাচ।

বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ২১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। একই ভেন্যুতে অস্ট্রেলিয়া খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। উদ্বোধনী দিনে নেপালের কাঠমান্ডুতে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে শ্রীলঙ্কার প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং ইংল্যান্ড খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

দুইবারের চ্যাম্পিয়ন ভারত তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ২২ জানুয়ারি। কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দলটি। একই দিনে স্বাগতিক নেপাল খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া চট্টগ্রামে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ সামোয়া এবং দক্ষিণ আফ্রিকা লড়বে পাকিস্তানের সঙ্গে।

অংশগ্রহণকারী দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, ‘ডি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।


গ্রুপ পর্বের খেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর চার গ্রুপের শীর্ষ তিনটি দল নিয়ে শুরু হবে সুপার সিক্স পর্ব। মোট ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই পর্বে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। সেমিফাইনালের জন্য ৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।

এরপর ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ফাইনাল। এই ম্যাচের জন্য রিজার্ভ ডে হিসেবে নির্ধারণ করা হয়েছে ৭ ফেব্রুয়ারি।

বাংলাদেশ ও নেপালের তিনটি শহরের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। বাংলাদেশের চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নেপালের কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে বিশ্বকাপের ম্যাচগুলো।

নিজেদের মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তাই শুরু থেকেই ভালো পারফরম্যান্স করে পরবর্তী পর্বে জায়গা করে নেওয়াই হবে স্বাগতিক দলের অন্যতম লক্ষ্য।

গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচের সূচি:

    বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত, ২১ জানুয়ারি
    বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ২৩ জানুয়ারি
    বাংলাদেশ-নাইজেরিয়া, ২৫ জানুয়ারি








  এই ক্যাটেগরির আরো সংবাদ