শেষের রোমাঞ্চে বার্সেলোনাকে হারালো পিএসজি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৩৩ এএম (ভিজিট : ১২)

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনাকে হারিয়ে তাদের জয়ের রথ থামিয়ে দিল পিএসজি। রোমাঞ্চকর লড়াইয়ে স্প্যানিশ জায়ান্টদের ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ ১০ মিনিটে ভিতিনিয়া ও ফাবিয়ান রুইজের জোড়া গোলে নিশ্চিত হয় পিএসজির দুর্দান্ত জয়।
ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের রেকর্ড ছিল হান্সি ফ্লিকের দলের। এই সময়ে প্রতিপক্ষের জালে ৪৮ গোল করেছিল বার্সেলোনা। তবে পিএসজির মাঠে এসে সেই অপ্রতিরোধ্য যাত্রায় ছেদ পড়ল কাতালানদের।
বুধবারের (২০ অক্টোবর) রাতের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। একের পর এক সুযোগ তৈরি করলেও বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়ার দৃঢ়তায় শুরুতে গোল পাচ্ছিল না তারা। অবশেষে ৩৮ মিনিটে দেজিরে দুয়ের গোলে এগিয়ে যায় প্যারিসের দলটি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। ৫৫ মিনিটে ফের্মিন লোপেজের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান জাভি এসপার্ট। এরপর লুকাস হার্নান্দেজের গোলে আবারও এগিয়ে যায় পিএসজি।
তবে হাল ছাড়েননি বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে ৭৯ মিনিটে গোল করে আবারও সমতা ফেরান তিনি। মনে হচ্ছিল, শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হবে দুই দলকে।
কিন্তু শেষ মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দেয় পিএসজি। ৮১ মিনিটে আশরাফ হাকিমির ক্রস থেকে ফিরতি বল পেয়ে দুর্দান্ত ভলিতে গোল করেন ভিতিনিয়া। ৮৬ মিনিটে হাকিমির ক্রস থেকেই সহজ টোকায় ব্যবধান বাড়ান ফাবিয়ান রুইজ। তাতেই বার্সেলোনার বিপক্ষে ৪-২ গোলের জয় নিশ্চিত হয় পিএসজির।
ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। পিএসজি ২২টি শট নেয়, আর বার্সেলোনার শট ছিল ১৮টি। বার্সেলোনার গোলরক্ষক গার্সিয়া ১০টি সেভ করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অপরাজিত থাকার ধারা ১৩ ম্যাচে নিয়ে গেল পিএসজি। অন্যদিকে, মৌসুমের শুরুতে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনাকে বুঝিয়ে দিল তারা এখনো বড় পরীক্ষার মুখে পড়তে পারে। উড়ন্ত বার্সাকে মাটিতে নামিয়ে আত্মবিশ্বাসী এক জয় তুলে নিল প্যারিসের ক্লাবটি।
ডেল্টা টাইমস/সিআর/এমই