রিয়াদের ৯৯ তলা কিংডম সেন্টারে সব অফিস বন্ধ ঘোষণা

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

সৌদি আরবে হুথির হামলার মধ্যে রাজধানী রিয়াদে অবস্থিত ৯৯ তলা কিংডম সেন্টারের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

2026-10-18T16:41:41+06:00
2026-10-18T16:41:41+06:00
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

রিয়াদের ৯৯ তলা কিংডম সেন্টারে সব অফিস বন্ধ ঘোষণা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ১০)

সৌদি আরবে হুথির হামলার মধ্যে রাজধানী রিয়াদে অবস্থিত ৯৯ তলা কিংডম সেন্টারের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব অফিসের কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করে। তবে অফিস বন্ধ রাখার নির্দিষ্ট কারণ জানানো হয়নি।


এর এক সপ্তাহ আগেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন। ওই ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ রয়েছে। সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বাসা থেকে পড়াশোনার ব্যবস্থা বাড়ানো হয়েছে।

রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত কিংডম সেন্টার সৌদি আরবের অন্যতম পরিচিত সুউচ্চ ভবন। এতে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান মেরিল লিঞ্চ, ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয় রয়েছে।


রোববার ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ই-মেইলে কর্মীদের জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব অফিসকর্মীর জন্য বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক।

নির্দেশনায় এ সময় অফিসে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে ভবনটির নিচতলার বিপণিবিতান খোলা রয়েছে।


ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত এক দশকেরও বেশি সময় ধরে চলছে। চার বছরের একটি অস্বস্তিকর যুদ্ধবিরতির পর সম্প্রতি সংঘাত আবার তীব্র হয়েছে।

গত মাসে লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর হুথিদের তৎপরতা বেড়েছে। গোষ্ঠীটি সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে তেলবাহী জাহাজ, জ্বালানি স্থাপনা এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর।

অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের নিয়ন্ত্রিত এলাকায় একাধিকবার বিমান হামলা চালিয়েছে।

জোটের দাবি, শনিবার রাত থেকে রিয়াদ অঞ্চলে দুটি ড্রোন এবং তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে আরেকটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আটকে দেওয়ার দাবি করেছে তারা।








  এই ক্যাটেগরির আরো সংবাদ