হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:২৫ পিএম (ভিজিট : ৮)

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২১৩ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৭৪ এবং নিশ্চিত হামে আক্রান্ত ১৩৯ জন।
গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ সাত হাজার ৩৭১ জনে। এই সময়ে নিশ্চিত হামরোগী ২২ হাজার ৭১২ জন। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮৪ হাজার ২৬৯ জন, আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
একই সময়ে হাম উপসর্গে মোট এক হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।