প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:১২ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
স্তন ক্যানসার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য স্বাস্থ্য বাজেটের অন্তত ৪০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
শনিবার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে ‘স্তন ক্যানসারের বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতি বিশ্লেষণ ও উত্তরণের উপায়’ শীর্ষক সংলাপে মূল বক্তব্যে তিনি এ দাবি জানান।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম ও বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সংলাপ শেষে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গোলাপী শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়।
অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, সরকারপ্রধান থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রোগ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে নীতি ও পরিকল্পনা প্রণয়নের কথা বলছেন। এ কারণে তারা আশাবাদী হতে চান। তবে, রোগ প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের জন্য পর্যাপ্ত বরাদ্দ প্রয়োজন।
তিনি সরকারি ক্যানসার চিকিৎসাসেবা সম্প্রসারণের পাশাপাশি বেসরকারি হাসপাতালে দরিদ্র রোগীদের চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে বিত্তবানদের অলাভজনক ও সেবামূলক ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্তন ক্যানসার বিশ্বব্যাপী নারীদের স্বাস্থ্য সুরক্ষার অন্যতম বড় হুমকি। বাংলাদেশেও প্রতিবছর হাজার হাজার নারী এ রোগে আক্রান্ত হচ্ছেন। তবে, প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে যথাযথ চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তিনি নারীদের লজ্জা ও দ্বিধা কাটিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন বলেন, দেশে ক্যানসার চিকিৎসায় সংকট রয়েছে। এ অবস্থায় সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের মাধ্যমে সীমিত চিকিৎসা সুবিধা দিয়ে বেশি সংখ্যক রোগীকে সেবা দেওয়া সম্ভব।
সংলাপে বক্তারা সঠিক পরিসংখ্যান পেতে জনগোষ্ঠীভিত্তিক ক্যানসার নিবন্ধন চালু, ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম জোরদার এবং চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, অধ্যাপক ডা. সাবেরা খাতুন, অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস জোনাকি, মোছাররত জাহান সৌরভ, ডা. আবু জামিল ফয়সাল, সৈয়দ হুমায়ুন কবীর, জেবুন্নেছা, চলচ্চিত্র পরিচালক মসিহউদ্দিন শাকেরসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অতিথিরা অংশ নেন।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম ২০১৩ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর বেসরকারিভাবে স্তন ক্যানসার সচেতনতা দিবস পালন করে আসছে।