প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:১৭ পিএম (ভিজিট : ০)

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে) দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে) একজন করে মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) সবচেয়ে বেশি ৫৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫০ জন, বরিশাল বিভাগে ২৩৬ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশনসহ) ১৩৩ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।