প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৩৯ পিএম (ভিজিট : ৯)

জিএম কাদেরের উত্তরার বাসায় আজ সোমবার সকালে বিক্ষোভের ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) গ্রেপ্তারের দাবিতে তাঁর উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল বিক্ষোভকারী। আজ সোমবার সকালে রাজধানী উত্তরার জাপা চেয়ারম্যানের বাসভবনের সামনে এ বিক্ষোভ করেন বলে জানা যায়।
‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। এ সময় তাঁরা বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জি এম কাদেরের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বিক্ষোভকারীদের ব্যানারে জি এম কাদেরের প্রতিকৃতির পাশাপাশি লেখা ছিল, ‘জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জি এম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং “ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না”।’
কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এলেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ বজায় রাখছে। এ ছাড়া বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি তৎকালীন সরকারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন তাঁরা।
বিক্ষোভকারীরা বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের সহযোগীদের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাঁরা জি এম কাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তবে জি এম কাদেরের উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসভবনে হামলা চালানোর অভিযোগ করেছে জাতীয় পার্টি। আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর এই হামলা চালানো হয় বলে জানান জাপা চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য।
তিনি বলেন, ‘উত্তরা ৭ নম্বর সেক্টরে ১০০-১৫০ লোক এসে হামলা করে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এখানে এসেছে।’
বেলা ১১টা ৪৯ মিনিটে এক বার্তায় শৌর্য দীপ্ত সূর্য লেখেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আজ ১২ অক্টোবর ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে। জাতীয় পার্টির পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে।’
ডেল্টা টাইমস/সিআর/এমই