প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৫০ পিএম (ভিজিট : ৭)

সরকারের ইতিবাচক উদ্যোগগুলো মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি ভুলত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি ভিন্নতর বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছেন। জাতি তার পাশে আছে।
বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে ‘গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধতার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার কোনো কারণে ব্যর্থ হলে কিংবা ষড়যন্ত্রের কারণে ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে। তাই দেশের গণতন্ত্র ও বর্তমান সরকারকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিজ্ঞাপন
বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, গণতন্ত্র রক্ষায় সর্বদলীয় ঐক্যের বিকল্প নেই। জাতীয় ঐক্য বজায় থাকলে ফ্যাসিবাদ টিকে থাকতে পারে না। জাতি ঐক্যবদ্ধ ছিল বলেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও ব্যক্তিগত জীবনযাপনের প্রশংসা করে সাবেক এ সংসদ সদস্য বলেন, শহীদ জিয়াউর রহমান সাধারণ জীবনযাপন করতেন। তারেক রহমানও তার পিতার পথ অনুসরণ করছেন। ঢাকা শহরে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের কোনো বাড়ি নেই বলেও উল্লেখ করেন তিনি।
ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেন, শহীদ জিয়াউর রহমানকে সামরিক বোর্ডের পক্ষ থেকে একটি প্লট দেওয়া হয়েছিল। পরে তিনি সেই প্লট অন্য একজন কর্মকর্তাকে দিয়ে দেন। এরপর তিনি আর প্লট নেননি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানও প্লট নেননি বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দুদু বলেন, জাতীয় ঐক্যের মধ্যদিয়ে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলার স্বাধীনতা বন্ধ করেননি। আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা কোথাও গেলে আগে থেকেই সবকিছু বন্ধ করে রাখতে হতো। কিন্তু এখন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা দাপ্তরিক কাজ করছেন, পাশাপাশি সভা-সমাবেশও চলছে। যে কেউ মাইক বাজিয়ে সভা করতে পারেন।
তিনি বলেন, ‘আমি বিএনপি করে বলছি না। তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারপারসন যেমন ঠিক, তেমনি তিনি দেশেরও প্রধানমন্ত্রী। তিনি সবার প্রধানমন্ত্রী।’
বিজ্ঞাপন
সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বিএনপির এ নেতা বলেন, বেগম খালেদা জিয়া কৃষকদের পাঁচ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করেছেন। কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।
দুদু বলেন, সরকারের এসব উদ্যোগের প্রশংসা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শুধু সমালোচনা করে সরকারকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আবার সরকারের কোনো কাজে ভুলত্রুটি দেখা গেলে তা-ও ধরিয়ে দিতে হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, কিছু কিছু জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষ প্রশ্ন তুলছে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আরও কঠোর হতে হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। মানুষের আস্থা নষ্ট হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, ‘এই সরকার কোনো কারণে ফেল করে, কোনো কারণে ষড়যন্ত্রের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশ রক্ষা করা কঠিন হয়ে যাবে।’ দেশের গণতন্ত্র ও বর্তমান সরকারকে রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডেল্টা টাইমস/সিআর/এমই