সমাজভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

বিশ্বের ৮০ শতাংশের বেশি দেশে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় মনোরোগ হাসপাতালে। অথচ রোগীরা ঘরে ও সমাজের মধ্যে থেকেই

2026-10-10T11:24:09+06:00
2026-10-10T11:24:09+06:00
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সমাজভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:২৪ এএম   (ভিজিট : ০)

বিশ্বের ৮০ শতাংশের বেশি দেশে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় মনোরোগ হাসপাতালে। অথচ রোগীরা ঘরে ও সমাজের মধ্যে থেকেই সুস্থ হয়ে উঠতে চান। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের বাণীতে এ কথা বলে সমাজভিত্তিক সেবায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (১০ অক্টোবর) দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে গুতেরেস বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যার অভিজ্ঞতা আছে, এমন মানুষ প্রায়ই নিজের ঘরে ও সমাজের মধ্যে থেকে সুস্থ হয়ে উঠতে চান। সেবা কোথায় দেওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

বাণীতে বলা হয়েছে, প্রত্যেক রোগীর আবাসন, শিক্ষা, কাজ ও সামাজিক সহায়তা পাওয়ার অধিকার আছে। প্রমাণ বলছে, এমন পরিবেশেই তাঁদের সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। মহাসচিব বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা বর্জনের বদলে অংশীদারত্ব গড়ে তোলে এবং সমাজভিত্তিক সেবায় বিনিয়োগ করে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘লিভড এক্সপেরিয়েন্সেস হার্ড: রিয়াল ভয়েসেস, রিয়াল চেঞ্জ’ (বাস্তব অভিজ্ঞতার কথা শোনা হোক: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন)। গুতেরেসের ভাষ্য, মানুষ নিজেদের জীবন নিয়ে নেওয়া সিদ্ধান্ত থেকে প্রায়ই বাদ পড়েন। অথচ কার্যকর সেবা ও নীতি গড়তে তাঁদের অভিজ্ঞতা অপরিহার্য। এ কারণেই মানসিক স্বাস্থ্য সমস্যার অভিজ্ঞতা আছে, এমন মানুষের দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি দেওয়ার কথা বলেন তিনি।

বাণীতে বিশেষভাবে তরুণদের কথা উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু নিয়ে উদ্বেগ ও অনলাইনের ক্ষতিকর প্রভাবের মুখে থাকা তরুণদের ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে সত্য বলে মন্তব্য করেন মহাসচিব। একইভাবে সংঘাত ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত সব বয়সী মানুষের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এসব ক্ষেত্রে সেবা ব্যাহত হওয়ায় মানসিক দুর্দশা আরও বাড়ে।

বাণীর শেষে গুতেরেস মানসিক স্বাস্থ্যের প্রতি অঙ্গীকার নতুন করে ব্যক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কলঙ্ক দূর করে মর্যাদা ও সবার অধিকারের ভিত্তিতে ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ