আইসিসিকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়ে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সংস্থাটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার

2026-10-10T09:27:12+06:00
2026-10-10T09:27:12+06:00
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আইসিসিকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়ে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯:২৭ এএম   (ভিজিট : ৮)

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সংস্থাটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

একই দিন আইসিসির একজন সাবেক বিচারক নাভি পিল্লাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পান। এর কয়েক ঘণ্টার মধ্যেই এমন নিষেধাজ্ঞা আসে ওয়াশিংটনের দিক থেকে। খবর ডয়েচে ভেলের।

‘আইসিসির সঙ্গে মার্কিন সংস্থাগুলোর লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। এসব পদক্ষেপের উদ্দেশ্য মার্কিন সার্বভৌমত্ব রক্ষা করা’—এক বিবৃতিতে বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম বন্ধ হবে না বলে জানিয়েছেন আইসিসির ডেপুটি প্রসিকিউটর নাজহাত শামীম খান। একই সঙ্গে তিনি এ ধরনের নিষেধাজ্ঞার তীব্র নিন্দাও জানান।

আইসিসি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। সংস্থাটি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার করে থাকে। যদি অনেক দিন ধরেই এ আদালতের বিরোধিতা করে আসছে ট্রাম্প প্রশাসন। এমনকি এর আগে আদালতটির প্রসিকিউটর ও বিচারকদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছিল ওয়াশিংটন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয়ের তীব্র সমালোচনার মুখে পড়েছিল আইসিসি।

এদিকে, রুবিও তার বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আন্তর্জাতিক আদালতকে কোনো আমেরিকানের বিচার করার সুযোগ দেবেন না। ঠিক এ কারণেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আইসিসিকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা এই বেপরোয়া আদালতের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করবো, যেন তাদের অর্থের জোগান বন্ধ হয় এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা মুখ থুবড়ে পড়ে।

ডেমোক্রেট ও রিপাবলিকান—উভয় রাজনৈতিক দলই মার্কিনীদের ওপর আইসিসির হস্তক্ষেপ না থাকার বিষয়ে একবিন্দুতে থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন রুবিও।

তিনি আইসিসিকে সতর্ক করে বলেন, আইসিসির হয় হুমকি বন্ধ করতে হবে, নয়তো আমরা তাদের অস্তিত্ব শেষ করে দেবো। আমাদের মিত্রদের—যাদের অনেকেই আইসিসির সদস্য এবং নিজেদের সুরক্ষার জন্য মার্কিন সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল—তারা এ আদালতকে নিয়ন্ত্রণে রাখবে, তাদের কাছে আমরা এমনটিই আশা করি।

‘যদি তারা সেটি না করে, তবে আমেরিকানদের আর কোনো হুমকি না থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্র ইট-পাথর খসিয়ে আইসিসিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অভিযান চালু রাখবে’—বলেন মার্কো রুবিও।

তার এমন ইঙ্গিত ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

আইসিসি অতীতে আফগানিস্তানের মাটিতে মার্কিন সেনাদের কর্মকাণ্ড তদন্ত করেছিল। তখন মার্কিন প্রশাসনের বিরোধিতার মুখে তদন্তের কাজ বন্ধ করে দেয় আদালত।

বর্তমানে আইসিসির সদস্যদেশ ১২৫টি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব দেশ এর সদস্য। তবে ন্যাটোর সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র ও তুরস্ক আইসিসির সদস্যভুক্ত নয়।

দক্ষিণ আফ্রিকার আইনজীবী নাভি পিল্লাই শুক্রবার নোবেল শান্তি পুরস্কার পান। তিনি ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত আইসিসির আপিল বিভাগের বিচারকের দায়িত্ব পালন করেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ