ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৭৫০ হামলা, ১ হাজার ৪০০ হুথি যোদ্ধা হতাহতের দাবি

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫০টির

2026-10-10T09:35:56+06:00
2026-10-10T09:35:56+06:00
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৭৫০ হামলা, ১ হাজার ৪০০ হুথি যোদ্ধা হতাহতের দাবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯:৩৫ এএম   (ভিজিট : ৩)

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫০টির বেশি হামলা চালিয়ে ১ হাজার ৪০০ জনের বেশি হুথি যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি করেছে তারা। একই সঙ্গে, ২৫০টির বেশি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সরকারি বাহিনী।

গত শুক্রবার (৯ অক্টোবর) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আবদুল্লাহ আল-নাধিব যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় বিভিন্ন রণাঙ্গনে হুথি বিদ্রোহীদের অবস্থান নিশানা করে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলার উদ্দেশ্য ছিল হুথিদের সামরিক শক্তি দুর্বল করা।

আল-নাধিব জানান, হামলায় হুথিদের প্রতিরক্ষাব্যবস্থা, পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারির চৌকি, কামানের অবস্থান, অস্ত্র ও গোলাবারুদের গুদাম এবং সরবরাহকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়।

এছাড়া, হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকার গভীরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সেনা ও সরঞ্জাম পাঠানোর পথেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

যুদ্ধক্ষেত্রের প্রাথমিক হিসাব তুলে ধরে আল-নাধিব বলেন, এসব অভিযানে ১ হাজার ৪০০ জনের বেশি হুথি যোদ্ধাকে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া, ২৫০টির বেশি সামরিক যান ও যুদ্ধের কাজে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

আল-নাধিবের দাবি, এসব হামলার ফলে হুথিদের সেনা চলাচল, রসদ সরবরাহ এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এতে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা পৌঁছানোও তাদের জন্য কঠিন হয়ে উঠেছে।

অন্যদিকে, সরকারি বাহিনীর স্থলসেনারা হুথিদের প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান পুনর্দখল করেছেন বলে জানান আল-নাধিব।

একই সঙ্গে, দখলে নেওয়া এলাকাগুলোতে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে। নির্ধারিত সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এর আগে, গত সোমবার ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরুর ঘোষণা দেন।

এ অভিযানের লক্ষ্য হলো রাজধানী সানা পুনর্দখল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার এবং হুথিদের নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত করা বলে জানান তিনি।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে একটি জোট দেশটিতে সামরিক অভিযান শুরু করে। সেই থেকে ইয়েমেনে সংঘাত চলছে, যার অবসান এখনো হয়নি। - সূত্র: আনাদোলু এজেন্সি


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ