নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

ডেল্টা টাইমস ডেস্ক:

প্রবাস

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার সামিনা নাজ নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল ডেম সিন্ডি কিরোর কাছে পরিচয়পত্র পেশ করেছেন।নিউজিল্যান্ডের ওয়েলিংটনে

2026-09-10T10:35:40+06:00
2026-09-10T10:35:40+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ০)

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার সামিনা নাজ নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল ডেম সিন্ডি কিরোর কাছে পরিচয়পত্র পেশ করেছেন। 

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অবস্থিত গভর্নমেন্ট হাউসে বুধবার (৯ সে‌প্টেম্বর) এক বিশেষ অনুষ্ঠানে এই পরিচয়পত্র পেশ করা হয়।

আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ডেম সিন্ডি কিরো হাইকমিশনার সামিনা নাজকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। 

হাইকমিশনার নাজ উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। 

পরিচয়পত্র দেওয়া শেষে স্থানীয় রীতি অনুযায়ী গভর্নর জেনারেলের অনুরোধে হাইকমিশনার বাংলাদেশ নিউজিল্যান্ডের বন্ধুত্বের নিদর্শন হিসাবে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান।

হাইকমিশনার বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, শিক্ষা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি, জনগণের মধ্যে যোগাযোগ, কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে পারস্পরিক সম্পর্ক এবং উন্নয়ন, শান্তি, মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সূচনা ১৯৭২ সালে হলেও, নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশির ক্রমবৃদ্ধি সংখ্যা বিবেচনায় এবং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০২৫ সালে নিউজিল্যান্ডে কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। 

নিউজিল্যান্ডে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন একইসঙ্গে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়া ও টুভালুর জন্যও দায়িত্ব পালন করছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ