প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:৪৫ পিএম (ভিজিট : ৬)

অনুরাগীদের ফের সুখবর দিলেন বলিউডের তারকাদম্পতি কিয়ারা আদবাণী ও সিদ্ধার্থ মালহোত্র। দ্বিতীয়বারের মতো মা-বাবা হতে চলেছেন তারা। বুধবার (৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্ট দিয়ে এই সুখবর জানিয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থ।
পোস্টে দেখা যায়, এক জোড়া ছোট্ট সাদা মোজা। কিয়ারা ও সিদ্ধার্থের হাতের ওপর রাখা সেই মোজার ওপর আবার রাখা তাদের প্রথম সন্তানের খুদে হাত। ছবির সঙ্গে ক্যাপশনে তারা লিখেছেন, ‘আরও এক বার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসতে চলেছে। আমাদের মন ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে রয়েছে।’
এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন কিয়ারা ও সিদ্ধার্থ। বলিউডের তারকারাও তাদের অভিনন্দন জানিয়েছেন। কারিনা কাপুর মন্তব্য করেছেন, ‘আবার তোমরা মা-বাবা হতে চলেছ! দারুণ!’ করণ জোহর, শোভিতা ধুলিপালা, ডব্বু রত্নানীসহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তারকাদম্পতিকে।
কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম সন্তান আসার সুখবরও এসেছিল একই ধরনের ছবির মাধ্যমে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথমবার মা-বাবা হতে চলার খবর প্রকাশ্যে আনেন তারা। তখন কেবল দুজনের হাতের ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার শিগগির আসছে।’
এরপর ২০২৫ সালের ১৬ জুলাই কিয়ারা ও সিদ্ধার্থ জানান, তাদের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। মেয়ের প্রথম ঝলক প্রকাশের সময়ও সাদা মোজার বিশেষ উপস্থিতি ছিল। ওই বছরের নভেম্বরে সাদা মোজা পরা খুদে এক জোড়া পায়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তারা।
ফলে কিয়ারা ও সিদ্ধার্থের জীবনে সাদা মোজা যেন বিশেষ এক আবেগের প্রতীক হয়ে উঠেছে। প্রথম সন্তানের সুখবর থেকে শুরু করে দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণাতেও সেই একই উপকরণ ব্যবহার করলেন তারা।
ব্যক্তিজীবনের পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন এই তারকাদম্পতি। ২০২৫ সালে কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ সিনেমা মুক্তি পেয়েছিল। অন্যদিকে একই বছর সিদ্ধার্থের ‘পরম সুন্দরী’ মুক্তি পায়।
চলতি বছরও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন দুজন। কিয়ারার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তি পেয়েছে এ বছর। সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অন্যদিকে সিদ্ধার্থের ‘দ্য বন’ সম্প্রতি মুক্তি পেয়েছে, এটিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
এদিকে দ্বিতীয় সন্তানের সুখবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। তারকাদম্পতির পরিবারে নতুন অতিথির আগমনের অপেক্ষায় এখন তাদের শুভাকাঙ্ক্ষীরাও।
ডেল্টা টাইমস/সিআর/এমই