মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে, ইসিকে অবহিত করা হবে: স্পিকার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:০১ পিএম (ভিজিট : ০)

ফাইল ছবি
সংবিধান অনুযায়ী সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে। এটি গেজেট আকারে প্রকাশিত হওয়ামাত্র অবিলম্বে বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, জাতীয় সংসদের মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গেছেন। সংবিধানের বিধানমতে পদত্যাগ করামাত্র তার এই আসন শূন্য হয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি, গেজেট হয়ে আসামাত্র অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়ে দেবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো। সংসদের বিধান হলো- এমপিরা যখন পদত্যাগ করেন কোনো কারণ উল্লেখ করেন না।’
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার বিষয়টি সামনে আসে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এমপি ফেরদৌসী আহমদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে এলো। গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর স্থাপনাটি গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সেই সঙ্গে গত বুধবার হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।