ধর্মব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না: গয়েশ্বর

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

ধর্মকে ব্যবসার উপকরণ হিসেবে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য

2026-10-01T14:52:24+06:00
2026-10-01T14:58:07+06:00
বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ধর্মব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না: গয়েশ্বর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৫২ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ২:৫৮ পিএম  (ভিজিট : ১)

ধর্মকে ব্যবসার উপকরণ হিসেবে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, দেশের কৃষ্টি, সংস্কৃতি ও জাতীয় চেতনার সমন্বয়েই জাতীয়তাবাদী শক্তির বিকাশ ঘটেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমরা কারও ভোট ছিনতাই করিনি, আবার বেহেশতে যাওয়ার টিকিটও দিইনি। ধর্মব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না।”

তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে জিয়াউর রহমানের অবদান রয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, “কেউ লংমার্চ করুক বা শর্টমার্চ করুক, কিংবা হুমকি দিক—এসব নিয়ে আমাদের উদ্বেগ নেই। কেউ দেশে ফিরতে চাইলে তার আসার অধিকার আছে। আমরা চাই তিনি দেশে এসে আদালতের প্রক্রিয়ার মুখোমুখি হোন।”

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একসময় বলেছিলেন, তিনি ভারতকে অনেক কিছু দিয়েছেন এবং তা ভারত আজীবন মনে রাখবে।

দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠলে শুধু সেনাবাহিনী নয়, ১৮ কোটি মানুষও জেগে উঠবে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের প্রতিও নজর রাখার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে আইনসম্মত ও গণতান্ত্রিক পদ্ধতিতেই পদক্ষেপ নিতে হবে। আইনের ভেতরে থেকেই অনেক কিছু করা সম্ভব।

তারেক রহমান প্রসঙ্গে গয়েশ্বর বলেন, “আমরা তারেক রহমানের চাটুকারিতা করব না; বরং তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে দেশ পরিচালনায় বিএনপির মধ্যে তার কোনো বিকল্প নেই।”

ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা মোকাবিলায় জনগণকে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন পিএনপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ফিরোজ আহমেদ। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিভিন্ন অপশক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গণতন্ত্র রক্ষায় বিরোধী দলগুলোর সহযোগিতা নিয়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ