প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম (ভিজিট : ১৬)

রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেটের আশপাশে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে সিটি করপোরেশনের কয়েকটি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়, অভিযানে থাকা কর্মকর্তা-কর্মচারীরা হামলার শিকার হন এবং পুলিশ সদস্যদের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও বাধার মুখে পড়েন বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত আমির বলেন, মিরপুরের সংশ্লিষ্ট আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা এবং সেখানকার জনগণ ভোট দিয়ে স্থানীয় সংসদ সদস্যকে নির্বাচিত করেছেন। জনগণের সুবিধা-অসুবিধা-সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর সঙ্গে আলোচনা করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো। স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে এমন পদক্ষেপ নেওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
তিনি বলেন, সংঘাতের বদলে এমন সমাধান প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতির মুখে না পড়েন এবং পথচারীদের চলাচলও স্বাভাবিক থাকে। এ জন্য তিনি সমন্বিত ও বাস্তবসম্মত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। বিচ্ছিন্ন উচ্ছেদ অভিযানের পরিবর্তে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে পরিকল্পিত ও টেকসই ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নিয়ে সেখানে ব্যবসার সুযোগ করে দিচ্ছে। তাঁর দাবি, এর আর্থিক চাপ শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও জনগণের ওপরই পড়ে।
উচ্ছেদ অভিযানের আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিতে আহ্বান জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করার পরামর্শও দেন জামায়াত আমির।
পোস্টের শেষে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো সমস্যারই সমাধানের পথ আছে। তবে সেই সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক এবং কোনো পক্ষকে অযথা ক্ষতিগ্রস্ত করে নয়। একই সঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই।’